ভেড়ামারায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাম্প হাউস এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শফিকুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা পরে একটি দেশি বন্দুক ও নয়টি গুলি উদ্ধার করেন। ভেড়ামারা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়ায় মোতায়েন র্যাব-১২ সদস্যরা উপজেলার পাম্প হাউস এলাকা থেকে শফিকুলকে আটক করেন। রাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তাঁর লুকিয়ে রাখা অস্ত্রের কথা স্বীকার করেন। শফিকুলের দেওয়া তথ্য অনুযায়ী সে রাতেই উপজেলার বাহিরচর এলাকায় তাঁর বাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে র্যাব সদস্যরা একটি দেশি বন্দুক ও নয়টি রাইফেলের গুলি উদ্ধার করেন। ভেড়ামারা থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃত শফিকুলের বিরুদ্ধে মাদক ব্যবসা করার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।