কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গণনার সময় প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। তাদেরকে ভেড়ামারা স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড গোলাপনগর গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ওই কেন্দ্রে ভোট গ্রহণ শেষে গণনার সময় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুস সামাদের পরাজয় নিশ্চিত জেনে তাঁর কর্মী ও সমর্থকেরা ওই ভোটকেন্দ্রে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং অগ্রগামী স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম শ্যামলের কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা প্রতিরোধ করতে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। চেয়ারম্যান প্রার্থী সামাদের কর্মী ও সমর্থকরা ওই ভোটকেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাও করে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় প্রার্থীর ২৫ জন কর্মী-সমর্থক আহত হয়। পরে ভোট গণনা শেষে রাত ১২টার দিকে রফিকুল ইসলামকে চেয়ারম্যান ঘোষণা করা হয়।ভেড়ামারায় ইউপি নির্বাচনে দায়িত্ব পালন করা কুষ্টিয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সরোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।