ভৈরব থেকে অ্যাসিড কেনা হয়, কারখানার মালিক গ্রেপ্তার
রাজধানীতে ইডেন কলেজের এক ছাত্রীর গায়ে ছুড়ে মারা অ্যাসিড কিশোরগঞ্জের ভৈরবের একটি ব্যাটারি তৈরির কারখানা থেকে কেনা হয়েছিল। গতকাল রোববার ওই কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই তাঁকে ঢাকায় নেওয়া হয়।ভৈরব বাজারের ওই প্রতিষ্ঠানটির নাম রাশেদ সাউন্ড সিস্টেম। এর মালিক রাশেদ। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামে। ঘটনার এক সপ্তাহ আগে মনির উদ্দিন ১০০ টাকায় তাঁর কারখানা থেকে অ্যাসিড কেনেন। বিয়েতে রাজি না হওয়ায় ১৫ জানুয়ারি ঢাকার চানখাঁরপুলের কাজি অফিসের সামনে মনির ওই ছাত্রীর গায়ে অ্যাসিড ছুড়ে মারেন এবং ছুরিকাঘাত করেন। এতে তাঁর মুখসহ শরীরের অধিকাংশ স্থান ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর চিকিৎসা চলছে। গোয়েন্দা পুলিশ জানায়, মামলার অগ্রগতির স্বার্থে অ্যাসিড কেনার উৎস জানা জরুরি ছিল। গত ২৪ জানুয়ারি রাঙামাটি জেলার বরকল উপজেলার কুরকুটিছড়া এলাকা থেকে অ্যাসিড নিক্ষেপকারী মনিরকে গ্রেপ্তার করা হয়। মনিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। মেয়েটি ইডেন কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষে পড়ছে। গত ২৫ জানুয়ারি আদালতের মাধ্যমে পুলিশ মনিরকে নয় দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে তিনি অ্যাসিড কেনার বিষয়টি জানান। পরে গতকাল তাঁকে নিয়ে অভিযান চালানো হয়।রাশেদ গোয়েন্দা পুলিশকে জানান, তিনি ব্যবসার স্বার্থে অ্যাসিড কিনে থাকেন। তিনি বলেন, মনির তাঁর পরিচিত নন। আগে কখনো দেখেননি। তাঁর কাছে অ্যাসিড বিক্রি করেছেন কি না মনে পড়ছে না।ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, মনিরের স্বীকারোক্তি অনুযায়ী রাশেদকে আটক করা হয়েছে।