ভৈরব নদীর প্রাণ যায় যায়
মেহেরপুরের ভৈরব নদীর ৯০ শতাংশ জমিই এখন ব্যক্তিমালিকানায় চলে গেছে। এই নদীর বিস্তীর্ণ এলাকায় সারা বছর চাষাবাদ চলে। একসনা বন্দোবস্ত নিয়ে কেউ কেউ নদী পারের জমি চাষাবাদ করত। পরে ওই বন্দোবস্ত ব্যবস্থা বাতিল করা হলেও তাদের চাষাবাদ বন্ধ হয়নি। বরং ওই সূত্র ধরেই অনেকে নদীর বিস্তীর্ণ জমি দখলে নিয়ে সেখানে বাঁধ দিয়ে চাষাবাদ করছে।সরকার পরিচালিত জরিপ প্রতিবেদনে দেখা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নে বামনপাড়া মৌজার দরুদ আলী, আবদুল খালেক, মো. তুহিন, সফর উদ্দিন, ফজলুল হক, খবির উদ্দিন, ভিকু হালদার, সমর হালদার, শাহারাব আলী, শওকত আলী, রবকুল শেখ, আবদুর রহমান, খোকন আলী, ইসমাইল হোসেনসহ ১৪০ জন নদীর প্রায় ৩০ একর জমি দখল করে আছেন। এ ব্যাপারে শওকত আলী বলেন, ‘অনেক আগে থেকেই এ জমি চাষাবাদ করে আসছি। সরকার কখনো এ জমি দাবি করেনি।’ একই ধরনের কথা বলেন সমর হালদারসহ কয়েকজন।বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর মৌজায় আওলাদ হোসেন, মোতাহার হোসেন, শরিফুদ্দিন, আবদুল খালেক, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, কাহার আলী, আবদুল ওদুদ, লালু মন্ডলসহ ৪৭ জন নদীর প্রায় ২২ একর জমি দখল করে নিয়েছে। এ ব্যাপারে কাহার আলী বলেন, ‘জমিটি আমারই। আগে পানির মধ্যে ডুবে ছিল। এখন শুকিয়ে গেছে।’ কুতুবপুর ইউনিয়নের চক উজলপুর ও উজলপুর মৌজার গুড্ডু বিশ্বাস, দ্বীন মোহাম্মদ, গিয়াস আলী, ইউছুক আলী, জিয়ান আলী, তৈয়ব আলী, জয়রুদ্দিন, হুদা, কালা, জালাল, লাবলু, ছরমান আলী, মতিয়ার রহমান, ইয়াকুব আলী, জমিরুদ্দিন মাস্টারসহ ১৮৩ জন প্রায় ২৫ একর জমি দখল করে চাষাবাদ করছেন। একই ইউনিয়নের কুলবাড়িয়া মৌজায় গ্রামের সদরুদ্দিন, বরকত আলী, রায়হান, ইদ্রিস আলী, মকলেচ আলী, আনারুল, মালেক, নুরুল ইসলাম, মহিজুল, চাঁদু, জামাল উদ্দিন, আমানুল ইসলাম, কাশেম আলী, ছাদের আলী, মনিরুল ইসলাম, শহীদুল ইসলামসহ প্রায় ৮১ জন ১৫ একর জমি দখল করে আছেন। মনোহরপুর মৌজায় সিরাজ উদ্দিন, গাজনুর রহমান, ওমর আলী, আক্কাছ আলী, নজীর আলী, নজর, আইনাল হক, খোদা বকস, আবদুর রহমান, তাহাজুদ্দিন, আহসান, ছাবের আলী, এলাহী বক্স, ইউনুছ আলী, দাউদ, আছাদসহ গ্রামের ১৯৪ জন নদীর প্রায় ৩১ একর জমি দখল করে নিয়েছেন।কুতুবপুর ইউনিয়নের উজলপুর মৌজার ইউনুস আলী, কুলবাড়িয়া মৌজার মকলেচ আলী, মনোহরপুর মৌজার আইনাল হক ও খোদা বক্স দাবি করেন, এসব মৌজার অধিকাংশ মানুষ ক্রয় সূত্রে নদী পারের জমির মালিক হয়েছেন। তাঁরা সরকারি নদীর কোনো জমি দখল করেননি। মেহেরপুর শহরের পাশে নদীর জমি দখল করে ঘরবাড়ি, চাতাল মিল, মাদ্রাসাসহ দোকান বানিয়েছেন কেউ কেউ। শহরের ৬৬ নম্বর মেহেরপুর মৌজার ৭ নম্বর সিটে আশকার আলী, রফিকুল ইসলাম, মওলা বক্স, মর্তেজ আলী, মসলেম উদ্দিন, হোসেন শেখ, ভেনু হালদার, সায়েম আলী, আহারুল ইসলাম, নজরুল ইসলাম, নুরুল ইসলাম, গোলাম হোসেন, লাবলু হোসেন, শফি উদ্দিন, আলম শেখ, আসাদুল হক, আনোয়ার হোসেন, দানদ্দী শেখ ও সহিদুল ইসলাম নদীর প্রায় ১০ একর জমি দখল করেছেন। শহরের ৫০ নং চাঁদপুর মৌজার ১ নং সিটে ইসমাইল হোসেন, হায়দার আলী, পচা শেখ, আবদুল, আওলাদ হোসেন, ফজলু রহমান, আবুল হোসেন, পঞ্চাতন আলী, আবুল কাশেম, তাহের উদ্দিন, সিরাজুল ইসলাম, জমির উদ্দিন, আবদুস সালাম, ভাদু শেখ, আরশাদ আলী, কেরাদ আলী, আওলাদ হোসেনসহ ১৮ জন নদীর প্রায় ১৩ একর জমি দখল করে আছেন। একই মৌজার ২ নম্বর সিটে নদীর ১৯ একর জমি দরুদ আলী, রবিউল ইসলাম, হেলাল উদ্দিন, মসলেম আলী, ময়েন উদ্দিন, নজু মীরুসহ ১৮ জন দখল করে আছেন। মৌজার ৬ ও ৭ নং সিটে ইয়াসিন আলী, ওয়াক্কেল আলী, আবদুল মান্নান, ইমরান হোসেন, মিলন শেখ, আবদুল হক, হাফিজুল ইসলাম, আরজুল্লাহ, ইয়াকুব আলীসহ এলাকার ৩৪ জন নদীর প্রায় ১৪ একর জমি দখল করে আছেন। শহরের এসব মৌজার সিটের ভোগদখলকারীর অধিকাংশই জানান, তাঁরা খরিদ সূত্রে জমির মালিক হয়েছেন। তাঁদের সবার কাছেই জমি কেনার রেজিস্ট্র দলিল আছে।সরেজমিনে দেখা যায়, নদীর বুকে এসব জমিতে চলছে চাষাবাদ, বাড়ি কিংবা দোকান নির্মাণ। আবার কেউ চাতাল গড়েছেন। জমি ভরাট হয়ে যাওয়ায় নদী সরু হয়ে নালায় রূপ নিয়েছে।নদীটি গাংনী ও মুজিবনগর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সেখানেও নদীর সিংহ ভাগ জমিই চলে গেছে দখলদারের দখলে। এসব দখলদারের অধকাংশই আরএস রেকর্ডের সময় নকশায় জমির প্রকৃতি পরিবর্তন করে নদীর জমি নিজের করে মালিক বনে গেছেন। আবার কেউ একসনা বন্দোবস্ত সূত্রে জমির মালিক বনে গেছেন।ভৈরব নদীর বুকে চলছে চাষাবাদ: ২০০৭ সালে তৎকালীন মেহেরপুর সদর ভূমি কমিশনার (এসি ল্যান্ড) ম্যাজিস্ট্রেট এরাদুল হক ভৈরব নদীর জমি উদ্ধারে দখলদারদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেন। সরকারি হিসাবে শুধু মেহেরপুর সদরের আমঝুপি এলাকার ৫০০ জন, শহরতলী এলাকার ২৮৮ জন এবং বুড়িপোতা এলাকায় ৪৭ জন ভৈরবের প্রায় ৫৩০ একর জমি দখল করে আছেন। এরাদুল হক জানান, ১৯২২ সালের সিএস (ক্যালেসট্রোলার সার্ভে) রেকর্ড এবং ১৯৬২ সালের এসএ (স্টেট এ্যাকুইজিশন সার্ভে) রেকর্ডে জমিগুলো সরকারি। তবে সর্বশেষ ১৯৮৬ সালের আরএস (রিভিউশনাল সেটেলমেন্ট) ভূমি জরিপের সময় ভূমি অফিসের এক শ্রেণীর অসাধু মাঠ কর্মকর্তারা সরকারি এই সম্পত্তি বিভিন্ন জনের নামে দেখিয়ে দিয়েছে। নদীটি দখল ও ভরাট হয়ে যাওয়ায় দুই পারের প্রায় ১৯ হাজার হেক্টর জমি সেচ সুবিধা পায় না।অনুসন্ধানে দেখা গেছে, মেহেরপুরের মোনাখালী ইউনিয়নের অন্তর্ভুক্ত ভৈরবের বিস্তীর্ণ বুকে চাষাবাদ চলছে। কেউ সরকারের কাছ থেকে একসনা বন্দোবস্ত পর্যন্ত নেয়নি। দারিয়াপুর কদমতলা পারে লিটু সাত বিঘা, সিরাজ দুই বিঘা ও আবদুস সাত্তার আট বিঘা জমি চাষাবাদ করছেন। এ ছাড়া নদীবক্ষে চাষাবাদ করছে দারিয়াপুর দক্ষিণপাড়ার সামিদুল, সিরাজ জমিদার, বাবলু, কাদের হালসানা এবং বিদ্যাধরপুর গ্রামের শমসের আলী বিশ্বাস।দারিয়াপুরের লিটু বলেন, ‘গ্রামের অনেকের দেখাদেখি আমিও নদীর জমি চাষাবাদ করছি।’মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের তহশিলদার তোফাজ্জেল হোসেন বলেন, এই ইউনিয়নের বাটিকামারী বিল এবং বসন্তপুর ও কাজলা খালের ৮০ ভাগ জমিই বেদখল হয়ে গেছে। সরকারি উদ্যোগ না থাকায় জমিগুলো উদ্ধার করা যাচ্ছে না। এই তিনটি বিল ও খাল প্রায় ৫০০ লোক দখল করে আছেন।মেহেরপুর সদর উপজেলার মহাজনপুর, যতারপুর, শিবপুর, ইছাখালী, বুড়িপোতা, মোনাখালী, দারিয়াপুর, ইসলামপুর, শহরের কালাচাঁদপুর, আমঝুপি ও পিরোজপুর এলাকায় ভৈরবের জমি বেশি দখল হয়েছে। এই কয়েকটি এলাকার প্রায় এক হাজার বাসিন্দা নদীর প্রায় দেড় হাজার একর জমি দখল করে আছেন।অন্য নদীগুলো কেমন আছে?: অনুসন্ধানে কাজলা, মাথাভাঙ্গা ও ছেউটিয়া নদীর অবস্থাও দেখা গেছে করুণ। গ্রামবাসীর অভিযোগ, আমঝুপিতে প্রভাবশালী ব্যক্তিরা যেমন ভৈরব নদীর বুক দখল করে পুকুর খনন করেছে। তেমনই কাজলা নদীতেও বাঁধ দিয়ে মাছ চাষ করছেন দলীয় প্রভাবশালী ব্যক্তিরা। নদীটির দুই পারের অনেক জমি দখলদারেরা দখল করে নিয়ে চাষাবাদ করছেন। আবার নদীর বুকে গভীর নলকূপ বসিয়ে পানি উত্তোলন করায় মাথাভাঙ্গা নদী মরে প্রায় পানিশূন্য হয়ে গেছে। এখন নদী শুকিয়ে যাওয়ায় এসব অঞ্চলে পানির ভূগর্ভস্থ স্তর অতিরিক্ত মাত্রায় নীচে নেমে গেছে। এসব অঞ্চলে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। ছেউটিয়া নদীর অবস্থাও একই। দুই পারের লোকজন নদী বুকের মাটি কেটে নিয়ে ইটভাটাসহ নানা কাজে ব্যবহার করায় নদীর স্বাভাবিক গতিপ্রবাহের পথ রুদ্ধ হয়ে গেছে। এই নদীর বুকও দখল করে কেউ চাষাবাদ, কেউবা মৎস্যচাষ করছেন। ফলে মেহেরপুরের নদীগুলো কাগজে-কলমে সরকারি হলেও ভোগদখল করছেন প্রভাবশালী ব্যক্তিরা।