ভৈরব নদে বেড়া দিয়ে মাছ চাষ করছেন ক্ষমতাসীনেরা
যশোর শহরের বাবলাতলা সেতু থেকে নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর পর্যন্ত ভৈরব নদের ছয় কিলোমিটার দখল করে মাছের চাষ করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।এ জন্য নদে আড়াআড়িভাবে বাঁশের পাটা (বেড়া) দিয়েছেন তাঁরা। এতে নদ-তীরবর্তী বাসিন্দাদের মাছ ধরতে নদে নামতে দিচ্ছেন না প্রভাবশালীরা।সরেজমিনে গিয়ে জানা গেছে, বাবলাতলা সেতুর উত্তর দিকে গাবতলা পর্যন্ত অন্তত এক কিলোমিটার নদের মধ্যে দুটি পাটা দিয়ে মাছের চাষ করা হচ্ছে। দেখভালের জন্য নদের মধ্যে কয়েকটি টংঘরও নির্মিত হয়েছে। ছোট ছোট কয়েকটি ডিঙি (ছোট নৌকা) রাখা আছে ঘুরে ঘুরে পাহারা দেওয়ার জন্য।যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের ছোট ভাই আওয়ামী লীগের কর্মী তৌহিদ চাকলাদারের নেতৃত্বে এ অংশে মাছ চাষ করা হচ্ছে বলে জানা গেছে। তাঁর সঙ্গে রয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী।স্থানীয় লোকজন এ ব্যাপারে কথা বলতে সাহস পান না। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক চা-বিক্রেতা বলেন, ‘মাছ কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। আগে নদ থেকে মাছ ধরে খাওয়া-দাওয়া চলত। কিন্তু এখন আর নদে নামতে দেওয়া হয় না।’নদের তীরের বাসিন্দা গোলাম সরোয়ার বলেন, ‘দিন-রাত ডিঙি নিয়ে নদে টহল দেওয়া হয়। রাতে নদের তীরে দাঁড়ালেই ধমক দেওয়া হয়।’একজন গৃহিণী বলেন, ‘ঈদের আগে চাকলাদারের লোকজন পাটা দিয়ে মাছ ছেড়েছে। আগে নদের মাছেই সংসার চলত। এখন খুব দুর্দিন যাচ্ছে। কত দিন মাছ চোখে দেখিনি।’বোলপুর, পাগলাদহ, ডাকাতিয়া সেতুসহ নদের পাঁচটি স্থানে আওয়ামী লীগের কয়েকজন নেতার নেতৃত্বে মাছ চাষের জন্য পাঁচটি পাটা দেওয়া হয়েছে। সেখানে মাছ চাষের নেতৃত্বে রয়েছেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দীন, বিরামপুর-পাগলাদহ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য গোলাম সরোয়ার, আওয়ামী লীগের রফিকুল ইসলাম, বজলুর রহমান প্রমুখ।এ ব্যাপারে তৌহিদ চাকলাদার প্রথম আলোকে বলেন, ‘মাছ চাষে আমার কোনো নেতৃত্ব নেই, কোনো অংশও নেই। তবে আমাদের দলের লোকজন করে খাচ্ছে।’তৌহিদ বলেন, ‘চার-পাঁচ লাখ টাকা খরচ করে নদে পাটা দিয়ে ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে ছেলেরা মাছ চাষের উপযোগী করেছে। এসব কাজের সঙ্গে থাকলে মানুষ ভালো থাকে।’ইউপি সদস্য গোলাম সরোয়ার বলেন, ‘শাহীন ভাইয়ের ছেলেরা করে খাচ্ছে। আমি এসবের মধ্যে নেই। এসবে দুর্নাম হয়। গ্রামের লোকজন আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছে।’বজলুর রহমান বলেন, ‘এখনো মাছ ছাড়া হয়নি। তবে অনেক টাকা খরচ করে পাটা দেওয়া হয়েছে। পাঁচ গ্রামের লোকজন নিয়ে নদে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি দাবি করেন, ‘অন্তত দুই হাজার মানুষ এই মাছ চাষের সঙ্গে জড়িত। তাদের প্রত্যেকের কাছ থেকে টাকাও নেওয়া হয়েছে।’তবে এলাকাবাসীর সঙ্গে কথা বলে বজলুরের ওই দাবির সত্যতা মেলেনি।এ ব্যাপারে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির আহ্বায়ক অধ্যাপক আফসার আলী প্রথম আলোকে বলেন, ‘উন্মুক্ত ভৈরব নদ জোর করে দখল করে মাছ চাষ করা হচ্ছে। বিষয়টি নিয়ে কমিটির লোকজনের সঙ্গে আলাপ হয়েছে। এ ব্যাপারে খুব শিগগির আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহুরুল হক প্রথম আলোকে বলেন, ‘ভৈরব নদ কাউকে ইজারা দেওয়া হয়নি। যদি কেউ পাটা দিয়ে মাছের চাষ করে, তাহলে অবৈধভাবে করছে। ওই এলাকা সরেজমিনে পরিদর্শনের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’