চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বাহাদুরাবাদ মেইল ট্রেনের সাতটি বগি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। আজ রোববার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই শতাধিক যাত্রী আহত হয়েছে। পরে বেলা ১১টার দিকে দুর্ঘটনাকবলিত একটি বগি সরিয়ে নেওয়া হলে বিকল্প হিসেবে দুই নম্বর রেললাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। উদ্ধারকারী দলের ঢাকা বিভাগীয় রেল কর্মকর্তা (পরিবহন) নাজমুল ইসলাম দুপুর একটায় জানান, রেললাইনের অবস্থা অত্যন্ত খারাপ। তাই দুর্ঘটনাকবলিত বগিগুলোকে লাইনে তুলতে আরও আট ঘণ্টা সময় লাগবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, বাহাদুরাবাদ মেইল ট্রেনে প্রায় চার হাজার যাত্রী ছিল। সাতটি বগি লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ঝাঁকুনিতে অনেকেই ছিটকে পড়ে আহত হয়। বেরিয়ে আসার জন্য তাড়াহুড়া করলে মানুষের ভিড়েও অনেকে আহত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মান্নান জানান, গ্রামবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিত্সার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।গচিহাটার রেলস্টেশন মাস্টার আবদুল মতিন জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। প্রসঙ্গত, গচিহাটা রেলস্টেশন এলাকায় এক বছরে এ নিয়ে ছয়বার ট্রেন লাইনচ্যুত হয়েছে।