ভৈরবকে জেলা করার প্রক্রিয়া চলছে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, ভৈরবকে জেলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।গতকাল রোববার সকালে ‘জিল্লুর রহমান ভৈরব শহর রক্ষা বাঁধ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে রাষ্ট্রপতি এ কথা বলেন। শহর রক্ষা বাঁধ বাস্তবায়ন কমিটির উদ্যোগে ভৈরবের হাজি আসমত কলেজের মাঠে এই সুধী সমাবেশ হয়।অনুষ্ঠানে ভৈরববাসীর উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা ভৈরবকে জেলা করার দাবি করেছিলেন। আপনাদের দাবির ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। তিনি বলেছেন, ইনশাল্লাহ, ভৈরব জেলা হবে। এরপর সরকার ভৈরবকে জেলা করার উদ্যোগ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ওপর দায়িত্ব দিয়েছে।’জিল্লুর রহমান বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল ভৈরব শহর রক্ষা বাঁধ নির্মাণ করা। এ বাঁধ মেঘনা নদীর ক্ষয় থেকে ভৈরব শহরকে রক্ষা করবে।’রাষ্ট্রপতি বলেন, ‘একটি তথ্য-প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা “ভিশন-২০২১” ঘোষণা করেছেন। ওই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক রীতিনীতির চর্চার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান ও অর্থবহ করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের পার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে আমাদের সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।’জিল্লুর রহমান বলেন, ভৈরবে মেঘনা নদীর পারে পর্যটনকেন্দ্র নির্মাণ, ভৈরব-কুলিয়ারচর গ্যাসলাইন স্থাপন, বিসিক শিল্পনগর স্থাপনসহ ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে চারটি জরাজীর্ণ সেতু পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।রাষ্ট্রপতি বলেন, ‘ভৈরব-কুলিয়ারচর এলাকায় ইতিমধ্যে ১২ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে। আপনারা এলাকার শিল্পের উন্নয়নে ৫০ থেকে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ প্লান্ট স্থাপনের যে দাবি জানিয়েছেন, আমি এর সঙ্গেও একমত পোষণ করছি।’ এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা করেন।অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, ‘দেশের বড় বড় নদীর নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ছোট খালগুলোও খনন করে বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, উদ্যোগগুলো সফল করতে পারলে কৃষিক্ষেত্রে নতুন করে বিপ্লব সাধিত হবে।’আশুগঞ্জ সার কারখানাসংলগ্ন মেঘনা নদী দখল হয়ে যাওয়ার ব্যাপারে মন্ত্রী বলেন, ভূমিদস্যুদের কাছ থেকে মেঘনা দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহাবুবুর রহমান জানান, ‘ভৈরবের গুরুত্ব অনুধাবন করে আমাদের মন্ত্রণালয় ভৈরব শহর রক্ষা বাঁধ নির্মাণের জন্য প্রাথমিকভাবে ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।’মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, বিএনপি মাঠের রাজনীতি করে কুলিয়ে উঠতে পারছে না। এ কারণে তারা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি, যুদ্ধাপরাধী ও তারেক রহমানকে বাঁচানোর রাজনীতি করছে।ভৈরব শহর রক্ষা বাঁধ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাংসদ ও রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল মনসুর প্রমুখ।সুধী সমাবেশ শেষে রাষ্ট্রপতি শহর রক্ষা বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি এমপি গার্লস হাইস্কুলের নতুন একাডেমি ভবন, রেলওয়ে ব্রিজ প্রকল্প সম্প্রসারণ ও জিল্লুর রহমান মহিলা কলেজের শহীদ আইভি রহমান ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।