ভৈরবে ইসলামী আন্দোলনের ৬ কর্মী আটক
ধর্মভিত্তিক দল ও সংগঠনের ডাকা হরতালের প্রথম দিন ইসলামী আন্দোলন ভৈরব উপজেলা শাখার ছয় কর্মীকে আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে ভৈরব উপজেলার আকবর নগর এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পিকেটিং করার সময় পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।আটক হওয়া কর্মীরা হলেন উপজেলার আকবর নগর গ্রামের মঞ্জু মিয়া (৪৫), কামাল হোসেন (৩৫), একই উপজেলার বাঁশগাড়ি গ্রামের মিলন মিয়া (৩৩), ইমরান মিয়া (৩৫), কালিকাপ্রসাদ নয়াহাটি গ্রামের আতিউর রহমান (৩৫) ও কুলিয়ারচর উপজেলার নন্দিরামপুর গ্রামের আবুল কাসেম (৩৮)। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশের কাছে নিজেদের ইসলামী আন্দোলন ভৈরব শাখার কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।পুলিশ ও এলাকাবাসী জানান, হরতাল সফল করতে ইসলামী আন্দোলনসহ সমমনা দলের কর্মীরা আজ বেলা ১১টার দিকে ভৈরবের আকবর নগর এলাকায় জড়ো হন। তাঁরা মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ছয়জনকে আটক করে।আটক হওয়া কর্মীরা জানান, শান্তিপূর্ণভাবে তাঁরা হরতাল সফল করতে চেয়েছিলেন। যানবাহন চলাচলে বাধা দেননি। কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যায় ওই কর্মীদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।