ভৈরবে ওএমএসের চাল আটক, চারজনের ডিলারশিপ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর খাদ্যগুদাম থেকে ওএমএসের ছয় মেট্রিক টন চাল গতকাল শনিবার আটক করেছে র্যাব। এ ঘটনায় আজ রোববার বিশেষ ক্ষমতা আইনের বাজিতপুরের ওএমএস ডিলার হাফিজুর রহমান ও ছাদেক মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিকভাবে বাজিতপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ ওই দুই ব্যক্তিসহ একই উপজেলার মুর্শিদ মিয়া ও সেলিম হোসেন নামের চার জনের ডিলারশিপ বাতিল করেছে। একই সঙ্গে হাফিজুর ও ছাদেক মিয়াকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শেখ মোহাম্মদ আলী জানান, অভিযুক্ত হাফিজুর রহমান ও ছাদেক মিয়া বাজিতপুরের ওএমএস ডিলার। চাল বিতরণ নিয়ে তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে নানা অভিযোগ ছিল। এই অবস্থায় র্যাব জানতে পারে দুই ডিলার গত ১৪ এপ্রিল চাল বিতরণের কথা বলে বাজিতপুরের সরারচর খাদ্য গুদাম থেকে তিন মেট্রিক টন করে ছয় মেট্রিক টন চাল সরবরাহ করে। গতকাল শনিবার ১৬ এপ্রিল তাদের চাল বিতরণের নির্ধারিত তারিখ ছিল। কিন্তু তারা ওই চাল গুদামে না নিয়ে ট্রাকে করে পার্শ্ববর্তী ভৈরবে নিয়ে আসে। পরে ১৪ এপ্রিল বিকেলে ভৈরব পৌর শহরের কমলপুর এলাকা থেকে চালভর্তি ট্রাক আটক করে র্যাব-৯ ভৈরব ক্যাম্পে নিয়ে আসে। গাড়ির চালক সুমন মিয়া ও হেলপার মো. আলম র্যাবকে জানায়, এই চাল ভৈরবের জাবেদ অ্যান্ড সন্স নামে পাইকারি চাল বিক্রেতা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার জন্য হাফিজুর রহমান ও ছাদেক মিয়া তাদের ট্রাক ভাড়া নেয়। বাজিতপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হেফজুল বারী জানান, ১২৭ জন ডিলারের মাধ্যমে বাজিতপুরে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। চাল আটক হওয়ার পর খাদ্য নিয়ন্ত্রক অফিসের ব্যবস্থাপনায় ওই দুই ডিলারের গুদাম পরিদর্শনে গিয়ে চার টন চাল কম পাওয়া যায়। একই সময় আরও কয়েকটি গুদাম পরিদর্শন করা হয়। তখন ডিলার সেলিম হোসেনের গুদামে দুই টন ও মুর্শিদ মিয়ার গুদামে আধা টন চাল কম পাওয়া যায়। গুদামে প্রয়োজনীয় চাল না থাকার কারণে মুর্শিদ মিয়া ও সেলিম হোসেনের ডিলারশিপও বাতিল করা হয়।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, বাজিতপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হেফজুল বারী বাদী হয়ে মামলা করেছেন। চালগুলো এখন থানা হেফাজতে রয়েছে।