কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের অভিযানে গুলিবিদ্ধ রহিমা বেগমের (৪০) জ্ঞান আজ শনিবারও ফেরেনি। গত শুক্রবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে র্যাবের সঙ্গে ধস্তাধস্তিতে তিনি গুলিবিদ্ধ হন।গুলিবিদ্ধ রহিমা বেগমকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ মেজর বাহালুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘র্যাবের নিয়ন্ত্রণে রহিমার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা বলেছেন, জ্ঞান ফিরলে অস্ত্রোপচার করা হবে।’ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র্যাবের দায়ের করা মামলায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।প্রসঙ্গত, গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সদস্যরা সাদা পোশাকে এসে ভৈরব পৌর শহরের পুকুরপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে র্যাবের সঙ্গে রহিমা বেগমের ধস্তাধস্তি হয়। এ সময় তাঁর মাথায় গুলি লাগে।