ভৈরবে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে গত মঙ্গলবারের ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজন যাত্রীর লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে লাকী রানীর (৭) লাশ উদ্ধার হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সুমন শীল (২৪), যমুনা রানী (৭) এবং আগের দিন বুধবার পবিত্র বর্মণের (২২) লাশ উদ্ধার হয়। লাকী রানীর লাশ উদ্ধারের মাধ্যমে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ সবার লাশ উদ্ধার হলো। হতাহতদের বাড়ি উপজেলার ছাতিয়ানতলা গ্রামে। যাত্রীরা জানান, পূজামণ্ডপ দেখতে শিশুসহ প্রায় ৩০ জন গত মঙ্গলবার সন্ধ্যায় ছাতিয়ানতলা থেকে ভৈরব শহরে আসে। ওই দিন ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে তাঁদের বহন করা ট্রলারটি উপজেলার কালিপুর আসার সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে অপর একটি ট্রলার আসে। যাত্রীদের দাবি, ওই ট্রলারে ডাকাত থাকায় মাঝি তীরে ভেড়ানোর চেষ্টা করেন। ছাতিয়ানতলায় প্রবেশের পর ডাকাতদের সঙ্গে ট্রলারের যাত্রীদের সংঘর্ষ হয়। এ কারণে যাত্রীবাহী ট্রলারটি উল্টে যায়। অবশ্য এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির।