ভৈরবে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু
ভৈরবে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ভৈরব উপজেলার মিরারচর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাঁশগাড়ী গ্রামের কাজী মস্তোর ছেলে কাজী সুমন (২৪) ও কাজী সিরাজ উদ্দিনের ছেলে কাজী সোহাগ (২৫)। কাজী সোহাগ প্রথম আলোর ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লার ভাগিনা। আহত হওয়া মোটরসাইকেলের অপর আরোহী হলেন ভৈরবপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে শশী মিয়া (২৩)।হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে মোটরসাইকেলের আরোহীরা ভৈরব থেকে বাঁশগাড়ীর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে মিরারচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন ও সোহাগের মৃত্যু হয়। আশেপাশের লোকজন গুরুতর আহত শশী মিয়াকে উদ্ধার করে স্থানীয় আল শেফা মেডিকেল সেন্টারে ভর্তি করেন।হাইওয়ে পুলিশের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণে উত্তেজিত এলাকাবাসী এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে মহাসড়ক থেকে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। জেলা প্রশাসকের অনুমতিতে নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।