ভৈরবে ১৪৪ ধারা জারি
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক মেয়র ফখরুল আলম আক্কাছ ও বর্তমান পৌর পরিষদ একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শনিবার বিকেল চারাটায় ভৈরব পৌর শহরের টিনপট্টিতে এ সমাবেশ হওয়ার কথা ছিল। এ ঘটনায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।সাবেক মেয়র পক্ষের লোকজন বলছে, বর্তমান পৌর পরিষদের এক বছর শেষ হলো। এ সময়ের মধ্যে পৌরসভায় কোনো ধরনের নাগরিক সুবিধা বাড়েনি। বরং পরিষদের কাউন্সিলরা দখল রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাবেক মেয়র পৌর পরিষদের সব অনিয়ম আর দুর্নীতি জনগণের সামনে প্রকাশ করার জন্য সমাবেশ ডেকেছিলেন। আর পৌর পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিষদের কার্যক্রম স্বাভাবিক গতিতে এগোচ্ছে। উন্নয়ন প্রক্রিয়াও অব্যাহত আছে। কিন্তু সাবেক মেয়র পরাজিত হওয়ার আতঙ্ক থেকে পরিষদকে জনতার সামনে হেয় করতে সমাবেশ আহ্বানের পরিকল্পনা করেন।এ ব্যাপারে ভৈরব পৌরসভার সাবেক মেয়র ফখরুল আলম আক্কাছ বলেন, ‘বিগত সময়ে পৌরসভার ব্যাপক উন্নয়ন হয়েছিল। কিন্তু বর্তমান পরিষদ উন্নয়ন না করে দখল আর নিজেদের স্বার্থ হাসিল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। পরিষদের দুর্নীতির বিষয়টি নাগরিকদের জানানোর তাগিদ থেকে সমাবেশ করার কথা ভেবেছিলাম।’তবে পৌরসভার সাবেক মেয়রের অভিযোগ অস্বীকার করে ভৈরব পৌর পরিষদের কাউন্সিলর হারুন উর রশিদ বলেন, ‘বর্তমান পরিষদের আমলে কোনো ধরনের দুর্নীতি হচ্ছে না। বরং সাবেক মেয়র নানা কৌশলে দুর্নীতি করেছেন। জনতার সামনে তাঁর দুর্নীতি তুলে ধরার জন্যই আমরা সমাবেশ আহ্বান করেছিলাম।’ভৈরব উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম বলেন, দুই পক্ষ একই সময় একইস্থানে সমাবেশ আহ্বান করায় শান্তি বজায় রাখতে ১৪৪ জারি করা হয়েছে।