ভোক্তা অধিকার আইনে প্রথমবারের মতো জরিমানা
পণ্য কিনে কোনো ক্রেতা প্রতারিত হচ্ছে কি না, ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে কি না, তা দেখার জন্য দেশে প্রথমবারের মতো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীতে অভিযান চালিয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান দলটি মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সেলিম জেনারেল স্টোরে অভিযান চালায়। ওই স্টোরে থাকা একটি ট্যাংয়ের প্যাকেট ও মার্কস গুঁড়ো দুধের প্যাকেটে কোনো সর্বোচ্চ খুচরামূল্য লেখা ছিল না। এই অপরাধে অধিদপ্তরের মহাপরিচালক প্রতিষ্ঠানটিকে এক হাজার টাকা জরিমানা করেন।পরে অভিযান দলটি মনির জেনারেল স্টোর ও শাহজালাল জেনারেল স্টোরে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠান দুটিতে সরবরাহ করা নুডুলসের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরামূল্য লেখা না থাকায় তাদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়।অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় ভোক্তা অধিকার অধিদপ্তর গঠন করেছে সরকার। পণ্য কিনে কেউ প্রতারিত হলে সে ক্ষেত্রে অধিদপ্তর ব্যবস্থা নেবে। তিনি বলেন, প্যাকেট বা মোড়কজাত পণ্যের গায়ে উত্পাদন, মেয়াদোত্তীর্ণ তারিখ, কোম্পানির নাম ও সর্বোচ্চ খুচরামূল্য থাকতে হবে। এর কোনো ত্রুটি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।মার্কেটের সাধারণ সম্পাদক ছামসুল হক দেওয়ান বলেন, তাঁদের মার্কেটে কোনো ত্রুটিপূর্ণ পণ্য বিক্রি হবে না। যেসব দোকানের কিছু পণ্যে ত্রুটি পাওয়া গেছে, ভবিষ্যতে এই ধরনের পণ্য বিক্রি না করতে বিক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, কোন পণ্যে কী ধরনের ত্রুটি রয়েছে, সে সংক্রান্ত কোনো তালিকা হাতে পাওয়া গেলে তাঁদের জন্য সুবিধা হতো।