৭ আগস্ট উত্তরার কয়েকটি ওষুধের দোকানে ওরস্যালাইন কেনার জন্য যাই। একটি কোম্পানির ওরস্যালাইন এক বাক্স নেওয়ার জন্য তাঁদের কাছে দাম জিজ্ঞেস করি। তাঁরা সবাই আমাকে বলেন, এক বাক্স (২০ প্যাক) নিলে দাম পড়বে ১০০ টাকা। আমি বলি, গায়ের দাম যা তা নেবেন, সমস্যা কোথায়? তাঁরা বলেন, সমস্যা আছে। কারণ তাঁদের এটা ৮৫ টাকা করে কিনতে হয়েছে। আমি বলি, প্যাকের গায়ে তথা বক্সের ওপর তো লেখা সর্বোচ্চ খুচরা মূল্য ৬৮ টাকা ৪০ পয়সা। আপনারা এর বেশি টাকা দিয়ে কেনেন কেন? তারা বলেন, এটা মিটফোর্ড থেকে কিনতে হয়। তাঁদের এদিকে কোম্পানির কোনো এমআরও আসে না, তাই। অতঃপর আমি বাধ্য হয়ে ১০০ টাকা দিয়ে কিনি। আর মনে মনে ভাবলাম, কোম্পানিতে গিয়ে এ নিয়ে সমাধান চাইব। কারণ আমি যে শুধু এর শিকার হলাম তা অবশ্যই নয়, আমার মতো আরও অনেকেরই এই জীবনরক্ষাকারী ওরস্যালাইন কিনতে হচ্ছে, তাঁরা সবাই ঠিক এই দামে কিনতে বাধ্য হচ্ছে। ৯ আগস্ট আমি কোম্পানিটির বনানী অফিসে যাই এর প্রতিরোধের উপায় আর প্রতিকার চাওয়ার জন্য। প্রথম দিকে তাঁদের শীতাতপনিয়ন্ত্রিত অফিস দেখে আতিথেয়তায় মুগ্ধ হব ভাবলাম, কিন্তু যা পেলাম, তা কল্পনাতীত! এমন একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের মানসিকতা এত নিচু হতে পারে?আমি প্রথমে অভ্যর্থনা কক্ষে গিয়ে আমার সমস্যার কথা বললাম। তাঁরা বলেন, এ ব্যাপারে আপনি হেড অফিসের সেলস বিভাগের সঙ্গে কথা বলতে পারেন। এই হচ্ছে তাঁর ফোন নম্বর বলে একটি কাগজ আমার হাতে ধরিয়ে দিলেন। আমি কিছুক্ষণ পর সে নম্বরে কল করলাম। ওপাশ থেকে একজন ভদ্রমহিলা আমার সমস্যার ব্যাপারে জানতে চাইলেন। তিনি বলেন একটু অপেক্ষা করতে। আমি বসে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আমায় রিসিপশন থেকে বলা হলো বিক্রয়প্রধান সভায় আছেন। আপনি অন্য একদিন আসুন, ফোন করে। এর মধ্যে একজন ভদ্রলোক এসে আমার কথা জিজ্ঞেস করা মাত্রই আমি আমার পরিচয় দিয়ে কথা বলা শুরু করলাম। তাঁর পরিচয় জানতে চাইলেও তিনি এড়িয়ে গিয়ে বলেন, কোনো প্রমাণপত্র আছে কি না। আমি বললাম, হ্যাঁ। দোকানদারদের রেকর্ড করা কথোপকথন পেনড্রাইভ আর এক বাক্স ওরস্যালাইনসহ মেমো। তিনি বলেন, শুধু মেমোর ফটোকপি আর আমার ঠিকানা দিতে। আমি দিলাম। তারপর তাঁর নাম জিজ্ঞেস করলাম, তিনি কোনো উত্তর না দিয়ে কাজের চাপ দেখিয়ে চলে গেলেন। আমি তাঁর নাম জানার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। পরে তিনি আমাকে তাঁদের অফিসের চেম্বারে নিয়ে গেলেন। আমাকে হয়রানি করার চেষ্টায় থাকলেন আর বলেন, ‘সাংবাদিক হইছ, কথোপকথন রেকর্ড করে বেড়াও, তোমার কত বড় দুঃসাহস, তুমি ছাত্র হয়ে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে আসছ। দাও, তোমার পেনড্রাইভ দাও। দেখি, তুমি কী কী রেকর্ড করছ। তুমি জানো, USAID আমাদের শত শত কোটি ডলার দিয়ে সহযোগিতা করে ওরস্যালাইনসহ বিভিন্ন পণ্য বাজারজাত করার জন্য।’ আমার সব তথ্য পেনড্রাইভ থেকে মুছে দিলেন তিনি। অবশেষে সেখান থেকে কোনো সহযোগিতা ছাড়া ফিরে আসতে হয়। আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। তাহলে কি নাগরিক সনদ অনুযায়ী আমার এ সেবা পাওয়ার কোনো অধিকার নেই?আমি এ বিষয়ে প্রথম আলোর আইন অধিকার বিভাগের শরণাপন্ন হয় । সেখান থেকে জানতে পারি দেশে ভোক্তা আইন হয়েছে। ভোক্তা অধিদপ্তর হয়েছে। কথামতো কারওয়ান বাজারের টিসিবি ভবনে স্থাপিত ভোক্তা অধিদপ্তরে যোগাযোগ করি এবং অভিযোগটি লিখিত আকারে দিয়ে আসি। আমাকে আশ্বাস দেওয়া হয়েছে, বিষয়টি তদন্ত করবে তারা। সাধারণ নাগরিক হিসেবে ভোক্তা অধিদপ্তর থেকে আমি কতটা সহায়তা পাব, তা এখন সময়ই বলে দেবে ।আরিফ আহমেদ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।