ভোক্তার অভিযোগে দণ্ড পেলেন আগোরার কর্মকর্তা
ভোক্তার অভিযোগের ভিত্তিতে দণ্ড দেওয়া হয়েছে সুপার শপ আগোরার মূল প্রতিষ্ঠান রহিমআফরোজ সুপার স্টোরের মানবসম্পদ ব্যবস্থাপক সৈয়দ হায়াত ইবনে রাশেদকে। মেয়াদোত্তীর্ণ দই বিক্রির অভিযোগে আজ বৃহস্পতিবার ওই কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযোগকারী ভোক্তা মোহাম্মদ শামীম মিয়া বলেন, গতকাল বুধবার দুপুরে তাঁর শাশুড়ি মগবাজার আগোরা থেকে দুই পাত্র স্ট্রবেরি ফ্লেভারের শক্তি দই কেনেন। ওই দই বাসায় নিয়ে তাঁর ১৫ মাস বয়সী শিশুকে খাওয়ানোর পর থেকে শিশুটি বমি করা শুরু করে। তিনি দইয়ের পাত্র পরীক্ষা করে দেখেন এগুলোর মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে। আজ সকালে তিনি আগোরায় বিষয়টি জানালে আগোরার কর্মীরা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ অস্বীকার করেন। এরপর শামীম ক্ষুব্ধ হয়ে রমনা থানা পুলিশের কাছে গেলে পুলিশ আগোরার ব্যবস্থাপককে ডেকে আনেন। পুলিশের কাছেও আগোরার কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করেন। তাঁরা বলেছেন, এই দই বাইরের কোনো দোকান থেকে কেনা হয়েছে। এরপর বিকেলে থানায় আসেন ম্যাজিস্ট্রেট রেজানুল হকের ভ্রাম্যমাণ আদালত। আদালতের কাছেও আগোরার কর্মকর্তারা দায় স্বীকার করেননি। তাঁরা নানাভাবে শামীম মিয়াকে মিথ্যা প্রমাণিত করে হেনস্তা করার চেষ্টা করেছেন। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট নিজে আগোরা সুপার শপে গিয়ে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করলে প্রমাণিত হয় যে, এই দই এখান থেকেই কেনা। পরে ম্যাজিস্ট্রেট হায়াত ইবনে রাশেদকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর হায়াত ইবনে রাশেদকে কারাগারে পাঠানোর আনুষ্ঠানিকতা চলছে। সন্ধ্যায় রাশেদ থানা পুলিশের হেফাজতেই ছিলেন।