ভোগবিলাসে মত্ত অন্য পুতিন!
বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে অনেক কথাই শোনা যায়। একসময় এই সাবেক কেজিবি-প্রধান দেশের শাসকদের কঠোর নিন্দা করেছেন। সেই পুতিন ক্ষমতার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। সমালোচকদের এ দাবি অবশ্য বরাবরই অস্বীকার করেছেন তিনি। গতকাল মঙ্গলবার রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বিলাসবহুল প্রমোদতরী, প্রাসাদের মতো বাড়ি, উড়োজাহাজসহ এমন সব সম্পদের বর্ণনা দেওয়া হয়েছে, সেখানে রাষ্ট্রনায়কের বাইরে ভোগবিলাসে মত্ত অন্য এক পুতিনকে পাওয়া যায়।‘লাইফ অব এ গ্যালি স্লেভ’ নামে ৩৪ পৃষ্ঠার ওই সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছেন দেশটির পুতিনবিরোধী নেতা বরিস নেমেতশভ। প্রতিবেদনে দাবি করা হয়, বছরের পর বছর পুতিনকে সাদামাটা জীবনের অধিকারী নেতা হিসেবে চিত্রায়িত করে আসছে ক্রেমলিন। কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন। পুতিন এক ভোগবিলাসী শাসক। দিনের পর দিন ক্ষমতা আঁকড়ে থাকার পেছনে রয়েছে এই বিলাসিতার মোহ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য পুতিনের ৫৮টি বিমান ও হেলিকপ্টার, চারটি প্রমোদতরী, বিলাসবহুল গাড়ি, দেশের বিভিন্ন স্থানে ২০টি প্রাসাদের মতো বাড়ি রয়েছে। নজরদারির জন্য আছে ১১টি দামি কুকুর। এই কুকুরগুলোর দাম পুতিনের বার্ষিক বেতনের চেয়ে কয়েক গুণ বেশি। প্রতিবেদনে পুতিনের ব্যবহূত ১১টি দামি ঘড়ির ছবি যুক্ত করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, ঘড়িগুলোর আর্থিক মূল্য সাত লাখ ডলারের মতো। অথচ পুতিন দাবি করেছেন, তাঁর বার্ষিক আয় এক লাখ ১৫ হাজার ডলারের কম। প্রতিবেদনে পুতিনের সমালোচনা করে বলা হয়েছে, রাশিয়ার লাখ লাখ মানুষ ভয়াবহ দারিদ্র্যের মধ্যে জীবন কাটায়। আর প্রেসিডেন্ট ডুবে আছেন ভোগবিলাসে। তাঁর এ আচরণ চরম হতাশাব্যঞ্জক এবং তা মেনে নেওয়া যায় না। বিরোধী নেতা নেমেতশভ দাবি করেন, ‘আমি আশা করি, এই প্রতিবেদন প্রকাশের পর অনেকে বিশ্বাস করতে শুরু করেছে যে পুতিন ও তাঁর সহযোগীরা প্রতারক ও চোর। এরপর তাদের রাহু থেকে দেশকে মুক্ত করতে পারব বলে মনে করছি।’ তবে পুতিনের ব্যাপারে রাশিয়ার সব মানুষের দৃষ্টিভঙ্গি বিরোধী নেতা নেমেতশভের মতো নয়। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইলেনা মালমোভা নামের এক শিক্ষার্থীর মতে, পুতিনের বিলাসিতা কোনো বিষয় নয়; শাসক হিসেবে তিনি তাঁর কাজটা কতটা ভালোভাবে করতে পারছেন, সেটাই আসল বিষয়।ইতিহাস সাক্ষী, কেবল পুতিন নন, রাশিয়ার সব শাসকই ছিলেন ভোগবিলাসী।