ভোগান্তি বারো মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরের কেন্দ্রস্থল হিসেবে আলফাত স্কয়ারকে (ট্রাফিক পয়েন্ট) বোঝানো হয়। শহরের সবচেয়ে ব্যস্ত এলাকা এটি। এই ট্রাফিক পয়েন্ট থেকে উত্তর দিকে পশ্চিম বাজার, সুরমা মার্কেট, সবজি ও মাছবাজারে যেতে হয়। কিন্তু ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত ৩৫০ ফুটের রাস্তার বেহালদশার কারণেই মানুষের যত ভোগান্তি। প্রায় বারো মাসের এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই।এই সড়কের দুই পাশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত দুই পাশে দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান, আবাসিক হোটেল, মসজিদ রয়েছে। এই সড়কের একপাশে শহরের ফলবাজার। ফলের দোকানগুলো রাস্তার জায়গা দখল করে আছে। দোকানের নানা আবর্জনা, খাঁচার ছোলা, খড় ফেলে রাখা হয় রাস্তার ওপরে। সব সময় এখানে আবর্জনা লেগে থাকে। সামান্য বৃষ্টি হলে কাদা জমে। সড়কের কার্পেট দেখা যায় না। রাস্তাটিও খানাখন্দে ভরা। তাই সাধারণ মানুষের এই সড়ক দিয়ে পায়ে হেঁটে চলা দায়। মসজিদে যেতেও ভোগান্তি পোহান মুসল্লিরা। ফলবাজারে দোকানগুলো রাস্তা দখল করে রাখায় রিকশাসহ যানবাহন চলাচলেও সমস্যা হয়।সড়কের পাশের একাধিক ব্যবসায়ী জানান, সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এই সমস্যার সমাধানে প্রয়াত পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীন উদ্যোগ নিয়েছিলেন। তিনি ফলবাজারটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করেন। এ জন্য শহরের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে জেল রোডে ফলবাজারের জন্য বেশ কয়েকটি পাকা দোকান নির্মাণ করেন। ব্যবসায়ীরা সেই দোকানঘর স্বল্পমূল্যে বরাদ্দও নেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা আর সেখানে যাননি। কম টাকায় বরাদ্দ নেওয়া ঘরগুলো তাঁরা বেশি দামে বিক্রি করে দেন। গত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর এসব ফলের দোকান রাস্তার ওপর থেকে উচ্ছেদ করা হয়। এরপর আবার তাঁরা সড়ক দখল করে ঘর করেন। ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন, ‘এই সড়কে বারো মাসই কাদাপানি জমে থাকে। যখন বৃষ্টি থাকে, তখন এই সড়কে নানা আবর্জনা ভরা থাকে। আসলে ফুটপাত দখলমুক্ত না করলে সমস্যার সমাধান হবে না। সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু বলেন, ‘এই সামান্য জায়গার জন্য মানুষ সব সময় দুর্ভোগ পোহায়, কথাটি সত্য। সড়কটির দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি। তারা কাজ করবে বলে আমাকে আশ্বাস দিয়েছে। না হলে আমি উদ্যোগ নেব।’এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘এই জায়গায় সব সময় পানি জমে থাকে। তাই বিটুমিনের কাজ ঠেকে না। ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত ৩৫০ ফুট রাস্তায় আরসিসি ঢালাইয়ের কাজ করার পরিকল্পনা সওজের আছে। কাজ হলে রাস্তায় চলাচলের ভোগান্তি আর থাকবে না।’