ভোগান্তির আরেক নাম ট্যাক্সিক্যাব
ঢাকার রাস্তা থেকে ট্যাক্সি প্রায় হারিয়েই গেছে। কমবেশি দেড় কোটি মানুষের এ মহানগরে নানা জটিলতায় শিগগিরই নতুন ট্যাক্সি নামানোর সম্ভাবনাও নেই। অল্প কিছু যে কালো ও হলুদ ট্যাক্সিক্যাব চলছে, সেগুলোতেও বসার জো নেই।রাজধানীতে ট্যাক্সিসেবা চালু হয় ১৯৯৭ সালে। এটি জনপ্রিয় করতে ট্যাক্সি হিসেবে ব্যবহারের গাড়ি রেয়াতি শুল্কে আমদানির সুযোগ দেওয়া হয়। কিন্তু ’৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত সাতবার এ খাতের নীতিমালা পরিবর্তন করা হয়। পরিবর্তনগুলো হয়েছে মূলত ট্যাক্সির অনুমোদিত ইঞ্জিনক্ষমতা (সিসি), নতুন না ব্যবহূত গাড়ি ইত্যাদি বিষয়ে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে ঢাকায় বর্তমানে অনিয়মিতভাবে ৫০০-১০০০ হলুদ, কালো ও নীল ট্যাক্সি চলে। তবে এর অনেকগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে সেগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ট্যাক্সিক্যাবের বয়সসীমা ১১ বছর নির্ধারণ করে দিয়েছে সরকার। ২০০০ সালের আগের তৈরি তিন হাজার ট্যাক্সির বয়সসীমা পেরিয়ে গেছে। কিছু কালো ও নীল ট্যাক্সির বয়সসীমা থাকলেও নিম্নমানের হওয়ায় লক্কড়ঝক্কড় হয়ে গেছে। কয়েকজন ট্যাক্সিমালিক বলেন, পুরোনো হওয়ায় হলুদ ট্যাক্সিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা কাজ করে না। অনেকগুলোর বয়সসীমা পেরিয়ে গেছে। যাত্রী উঠতে চায় না বলে বেশির ভাগ ক্ষেত্রেই ব্যবসায়ীরা সারা দিনের জন্য দূরের গন্তব্যে চুক্তিতে নিয়ে যান। মেয়াদ ও ফিটনেসবিহীন এসব ট্যাক্সি চালাতে পুলিশকেও নিয়মিত টাকা দিতে হয় বলে মালিকেরা জানান। বিআরটিএ, ট্যাক্সিক্যাব মালিক ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বললে তাঁরা জানান, বিভিন্ন সরকারের সময় বারবার নীতিমালার পরিবর্তন করে নিম্নমানের গাড়ি ট্যাক্সি হিসেবে ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে। এতে শুধু গাড়ির আমদানিকারকেরা লাভবান হয়েছেন। নিম্নমানের কারণে বিপুলসংখ্যক ট্যাক্সি তুলনামূলকভাবে কম সময়ে অকেজো হয়ে পড়ে। সে স্থান পূরণ হয়নি। এ কারণেই রাজপথ এখন প্রায় ট্যাক্সিশূন্য।ঢাকায় নতুন ছয় হাজার ট্যাক্সি নামানোর লক্ষ্যে গত ফেব্রুয়ারি মাসে সারিকা ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বিআরটিএ। তিন মাসের মধ্যে নতুন ট্যাক্সি রাস্তায় নামানোর কথা থাকলেও প্রতিষ্ঠানটি এখনো গাড়ি আমদানির ঋণপত্রই (এলসি) খুলতে পারেনি।বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, কিছু ট্যাক্সি শিগগিরই রাস্তায় নামবে। সিঙ্গাপুরের একটি কোম্পানির সঙ্গেও ভালো মানের ট্যাক্সি নামানোর বিষয়ে আলোচনা চলছে। নীতির কথিত ত্রুটির বিষয়ে তিনি বলেন, ‘এটি অনেক আগের বিষয়। আমি বলতে পারব না।’ বিআরটিএর হিসাব অনুযায়ী, ঢাকায় ১০ হাজার ৮৫৭টি ট্যাক্সির নিবন্ধন আছে। এর মধ্যে প্রায় নয় হাজার ট্যাক্সি ৭৯৬ থেকে ১২৪২ সিসির মধ্যে। বাকিগুলো ১৩০১ থেকে ২০০০ সিসির মধ্যে। কম সিসির ট্যাক্সির বেশির ভাগই রাস্তায় নামানোর দুই বছরের মধ্যে অকেজো হয়ে যায়। শুরুতে ১৩০১ সিসির নিচে কোনো গাড়ি ট্যাক্সি হিসেবে নামানোর ওপর নিষেধাজ্ঞা ছিল। যোগাযোগ মন্ত্রণালয় ও বিআরটিএর কর্মকর্তারা বলছেন, কম সিসির গাড়ি ট্যাক্সি হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়ার মাধ্যমেই এ খাতকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। বিগত চারদলীয় জোট সরকার ও তার আগের আওয়ামী লীগ সরকার—উভয় আমলেই এ সুযোগ দেওয়া হয়েছে। ২০০৮ সালে বিআরটিএর একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৭৯৬ থেকে ১২৪২ সিসির যেসব ট্যাক্সি রাস্তায় ছিল, তার মধ্যে প্রায় সাড়ে সাত হাজার দুই বছরের মধ্যেই অকেজো হয়ে যায়। বাকি তিন হাজার ৩৫৭টি ট্যাক্সির মধ্যে প্রায় দুই হাজার ট্যাক্সি ছিল ১৩০১ থেকে ২০০০ সিসি ইঞ্জিনক্ষমতাসম্পন্ন হলুদ ট্যাক্সি। নীতির তুঘলকি: ট্যাক্সিসেবা চালু হয় ’৯৭ সালে। কিন্তু ’৯৯ সাল পর্যন্ত এটি জনপ্রিয়তা পায়নি। এ সময় মাত্র ২০টি গাড়ি রাস্তায় নামে। সে বছর জাপানে একবার ব্যবহূত (রিকন্ডিশন্ড) গাড়ি ট্যাক্সি হিসেবে ব্যবহারের অনুমোদন দেওয়া হলে কয়েক দিনের ব্যবধানে প্রায় দুই হাজার ট্যাক্সি রাস্তায় নামে। ২০০১ সালে সরকার রিকন্ডিশন্ড গাড়ি ট্যাক্সি হিসেবে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তখন বলা হয়, নতুন গাড়ি আমদানি করে সিএনজি হিসেবে নামাতে হবে। এ সময় ইঞ্জিনক্ষমতাও (সিসি) কমিয়ে দিয়ে ৭৯৬ থেকে ১২৪২ সিসি পর্যন্ত আমদানির সুযোগ দেওয়া হয়। এ সিদ্ধান্ত নেওয়ার পরই নিম্নমানের ট্যাক্সি আসা শুরু হয়। পরের সরকারও এ সিদ্ধান্ত বহাল রাখে। ২০০০-০৩ সালের মধ্যে প্রায় ১০ হাজার ট্যাক্সি ঢাকার রাস্তায় নামে, যার বেশির ভাগই ভারতের মারুতি। ২০০৩ সালের জুলাই মাসে সরকার রিকন্ডিশন্ড গাড়ি ট্যাক্সি হিসেবে ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু তত দিনে কম সিসির ১০ হাজার ট্যাক্সি রাস্তায় নেমে যায়। অনুমোদিত সর্বোচ্চ সংখ্যাও ছিল ১০ হাজার। ফলে নতুন করে রিকন্ডিশন্ড গাড়ি ট্যাক্সিক্যাব হিসেবে নামানোর সুযোগ বন্ধ হয়ে যায়। প্রতিস্থাপন হচ্ছে না: ট্যাক্সিসেবাসংক্রান্ত নীতিমালায় নির্দিষ্ট সময়ের পর অকেজো বা মেয়াদ শেষ হওয়া গাড়ির স্থলে নতুন গাড়ি নামানোর শর্ত আছে। চাইলে কোম্পানিগুলো অচল ট্যাক্সির বদলে নতুন ট্যাক্সি নামাতে পারে। ইতিমধ্যে আনুদিপ ও নাভানাসহ বেশ কয়েকটি কোম্পানিকে অন্তত এক হাজার ২০০ ট্যাক্সি আমদানির অনুমোদন দিয়েছে বিআরটিএ। কিন্তু অধিকাংশ কোম্পানি ঋণখেলাপি হওয়ায় তারা অনুমোদন পেলেও গাড়ি আমদানি করতে পারছে না। আনুদিপ ট্যাক্সি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস আর খান প্রথম আলোকে বলেন, আন্তমন্ত্রণালয় বৈঠকে ট্যাক্সি খাতকে ‘রুগ্ণ’ ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছিল। বাংলাদেশ ব্যাংকে প্রস্তাবটি আটকে আছে। ঋণের সুদ মওকুফের সুবিধা দিতে বিআরটিএ ২০০৮ সালে মন্ত্রণালয়ে ওই প্রস্তাব পাঠিয়েছিল। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় হাইকোর্টে মামলা করেছে ট্যাক্সিমালিকদের সংগঠন, যা এখনো চলছে। নতুন নীতিমালা: এ অবস্থায় গত বছরের শেষের দিকে নতুন পাঁচ হাজার ট্যাক্সি নামাতে একটি নীতিমালা তৈরি করে যোগাযোগ মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় সারিকা ট্রেডিং লিমিটেডের সঙ্গে গত ৭ ফেব্রুয়ারি এক হাজার ট্যাক্সি নামানোর চুক্তি হয়েছে। তবে এখনো সে ট্যাক্সি আসেনি। সারিকা ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাজিমউদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ব্যাংকঋণ পেতে দেরি হওয়ায় সময়মতো ট্যাক্সি নামাতে পারেননি তাঁরা। আগামী মাসে ৫০-৬০টি নতুন ট্যাক্সি আসতে পারে বলে তিনি জানান।