ভোগান্তির কমতি নেই পারিবারিক আদালতে
পারিবারিক আদালতের পদ্ধতিগত ত্রুটি ও সীমাবদ্ধতার কারণে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে সুফল আসছে না। আইনমন্ত্রীর সংসদে দেওয়া ভাষ্য অনুযায়ী, সারা দেশে ২০০৯-এর জানুয়ারি পর্যন্ত বিচারাধীন পারিবারিক আদালতের মামলার সংখ্যা ৪৮ হাজার ৭৮৪। নিশ্চয়ই ২০১০-এর এপ্রিল পর্যন্ত এর সঙ্গে আরও কয়েক হাজার যোগ হয়েছে। মামলাজটের প্রধান কারণ মামলার দীর্ঘসূত্রতা। মামলার দ্রুত নিষ্পত্তি করতে পারিবারিক আদালতে কার্যকর কোনো বিধিবিধান নেই। পাকিস্তান ও ভারতের পারিবারিক আইনের আদলে আমাদের আইনটি করা হলেও কার্যকর বিধিবিধানগুলো রাখা হয়নি।পারিবারিক ক্ষেত্রে পাঁচটি বিষয়, যেমন তালাক, দেনমোহর, খোরপোশ, অভিভাবকত্ব, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ১৯৮৫ সালে পারিবারিক আদালত অধ্যাদেশ প্রণয়ন করা হয়। এই অধ্যাদেশের অধীনেই প্রতিটি সহকারী জজ আদালত পারিবারিক আদালত হিসেবে গণ্য হয়ে আসছে। এ অধ্যাদেশের অধীনে প্রচলিত সাক্ষ্য আইন ও দেওয়ানি কার্যবিধি প্রয়োগ হয় না (দেওয়ানি কার্যবিধির ১০ ও ১১ নম্বর ধারা বাদে)। এ আদালতের কর্মপদ্ধতি ও সাক্ষ্যের বিধান অধ্যাদেশ অনুযায়ী সম্পন্ন করতে হয়। পারিবারিক আদালতের বিচারাধীন মামলাগুলো একটু সহজ প্রকৃতির। তাই এতে পৃথক কর্মপদ্ধতি চালু থাকলেও বাস্তবে এর ফল আসছে উল্টো। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে এ অধ্যাদেশে কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই। শুধু জবাব দাখিলের জন্য ৩০ দিন সময়সীমা রয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, অন্যান্য দেওয়ানি মামলার মতো পারিবারিক মামলায় সমন জারিতেই দীর্ঘদিন পার হয়ে যায়। ২০০৭ সালে ঢাকার ষষ্ঠ সহকারী ও পারিবারিক আদালতে দেনমোহর ও খোরপোশ চেয়ে মামলা করেন লীজা আক্তার (মামলা নম্বর ৬৪১/০৭)। মামলাটি তৃতীয় সহকারী জজ আদালত এবং পরবর্তী সময়ে ১৩ নম্বর সহকারী জজ আদালতে স্থানান্তর করা হয়। স্থানান্তর হওয়ার পর পরই বিবাদী বরাবর সমন জারি হতে কেটে গেছে দুই বছর। অবশেষে ২০০৯-এর ২ সেপ্টেম্বর বিবাদী বরাবর সমন জারি না হওয়ায় এবং তদবিরের অভাবে মামলাটি খারিজ হয়ে যায়। এ অবস্থায় লীজার আর প্রতিকার মেলেনি। এ রকম ঘটনা কেবল লীজার ক্ষেত্রেই ঘটেনি, অসংখ্য অসহায় বিচারপ্রার্থী প্রদ্ধতিগত ত্রুটির কারণে প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আরেকটি মামলায় শেফালি আক্তার (ছদ্মনাম) দেনমোহরের ৫০ হাজার টাকা চেয়ে মামলা করেন ঢাকার একটি সহকারী জজ আদালতে। কয়েকটি তারিখ পার হয়ে সাক্ষী পর্যায়ে পৌঁছাতে তাঁর এ পর্যন্ত খরচ হয়ে গেছে ২০ হাজার টাকা। হয়তো মামলাটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে ৫০ হাজার টাকা খরচ হয়ে যাবে। এর মানে ৫০ হাজার টাকার প্রতিকার চাইতে গিয়ে ৫০ হাজার টাকাই খরচ। ফলাফল শূন্য। এর অনেকটা খরচ করতে হয়েছে আইনজীবীর পেছনে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ভোগান্তি এবং সমস্যা নিরসনে পারিবারিক আদালতের প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনতে হবে। অপেক্ষাকৃত কম জটিল ও পারিবারিক মামলাগুলো নিষ্পত্তিতে বিকল্প পদ্ধতি অবলম্বন করা উচিত বলেই তাঁদের মত। এতে দেশে আদালতের ওপর চাপ যেমন কমবে, তেমনি মামলা নিষ্পত্তিতে দ্রুতগতি আসবে। আমাদের দেশে ১৯৮৫ সালের অধ্যাদেশ অনেকটাই পাকিস্তানের ১৯৬৪ সালের পারিবারিক আদালত আইনকে অনুসরণ করা হয়েছে। অথচ পাকিস্তানের আইনে মামলা নিষ্পত্তিতে সর্বোচ্চ ছয় মাস সময় বেঁধে দেওয়া আছে। ভারতে ১৯৮৪ সালে পারিবারিক আদালত আইন পাস হয়। আইনটি পাস হওয়ার পর থেকে এ উপমহাদেশে একটি কার্যকর ও ফলপ্রসূ আইন হিসেবে গণ্য হয়ে আসছে। ভারতের এ আইনটির সুফল আসার পেছনে যে কারণ তা হচ্ছে, আইনটি অন্যান্য পদ্ধতিগত আইনের চেয়ে অনেক সহজ ও বিকল্প বিচারপদ্ধতি রাখা হয়েছে। ভারতের এ আইনটির বিশেষ দিক হচ্ছে বিচারপ্রার্থীদের আইনজীবী নিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। ১৯৮৪ সালের ভারতের পারিবারিক আইনের ১৩ নম্বর ধারায় আইনজীবী নিয়োগে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্থাৎ যেখানে পারিবারিক আদালতে কোনো মামলায় কোনো পক্ষ আইনজীবীর মাধ্যমে আদালতে মামলা করতে পারবে না। যদিও প্রয়োজন সাপেক্ষে একটি নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে আদালতের অনুমতি নিয়ে আইনজীবী নিয়োগ করা যেতে পারে। ভারতে প্রতিটি পারিবারিক আদালতে কাউন্সিলর বা মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়। তাঁদের প্রধান কাজ হচ্ছে, কোনো প্রতিকারপ্রার্থী আবেদন করলে আবেদনগুলো যাচাই-বাছাই করে বিরোধ নিষ্পত্তির জন্য ব্যবস্থা নেওয়া। পারিবারিক আদালতের বিচারককে (সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন) কাউন্সিলররা সহযোগিতা করে থাকেন। অর্থাৎ পারিবারিক আদালতের মূল পদ্ধতি ভারতে সালিস মীমাংসা। সালিসে কাজ না হলে মামলাটির বিচারকাজ শুরু হয়। এতে যদি কোনো ধরনের জটিলতা কিংবা জটিল আইনগত প্রশ্নের উদ্ভব হয়, তাহলে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ করতে পারেন বিচারক। সাধারণত অ্যামিকাস কিউরি উচ্চ আদালতে কোনো সাংবিধানিক প্রশ্ন কিংবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রশ্নের উদ্ভব হলে নিয়োগ করা হয়। ভারতের পারিবারিক আদালতে জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্য থেকে অ্যামিকাস কিউরি নিয়োগ করে থাকেন। তাঁরা আদালতকে বিরোধীয় বিষয়ে নিষ্পত্তিতে তাঁদের মতামত জানান। এতে পক্ষভুক্তদের আইনজীবী নিয়োগ ছাড়া নিরপেক্ষ জ্যেষ্ঠ আইনজীবীদের মতামত নিয়ে বিচারক চূড়ান্ত ডিক্রি বা আদেশ দিয়ে থাকেন। যদিও ভারতে পারিবারিক আদালতে আইনজীবী নিয়োগের পক্ষে-বিপক্ষে অনেক যুক্তিতর্ক হয়েছে। আইনজীবী নিয়োগের বিষয়টি নিয়ে ভারতের উচ্চ আদালতেও চ্যালেঞ্জ হয়। বোম্বে হাইকোর্ট ১৯৯৩-এ লতা পিম্পল বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া মামলার রায়ে বলেন, ‘পারিবারিক আদালতে আইনজীবী নিয়োগের নিষেধাজ্ঞা সংবিধানের মৌলিক অধিকারকে কোনোভাবেই খর্ব করে না।’ আমাদের দেশে মামলায় পক্ষরা প্রতিপক্ষকে হয়রানি করার জন্য মামলার শুনানি বিলম্বে তৎপর থাকার ঘটনা প্রায়ই দেখা যায়। আইনজীবীর মাধ্যমে প্রতি তারিখেই কোনো কারণ দেখিয়ে শুনানি পেছানোর ঘটনা মামলায় দীর্ঘসূত্রতার অন্যতম কারণ। দেওয়ানি কার্যবিধিতে বারবার সময় নেওয়ার ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হয়েছে। যেহেতু পারিবারিক আদালতে দেওয়ানি কার্যবিধি প্রয়োগ হয় না, তাই এ বিধান পারিবারিক মামলা নিষ্পত্তিতে প্রয়োগ করা যায় না। পারিবারিক আদালতে বারবার সময় নেওয়ার প্রবণতা রোধেও কোনো নির্দিষ্ট বিধান নেই। তাই আইনজীবীরা পারিবারিক আদালতে এ সুযোগ হরহামেশাই নিচ্ছেন। এ মামলাগুলোর ক্ষেত্রে একটি কল্যাণমূলক ব্যবস্থা হচ্ছে বিচারপূর্ব কার্যব্যবস্থা। এতে বিচার শুরু হওয়ার আগে সালিস মীমাংসা করার চেষ্টা করে থাকেন বিচারক। কিন্তু বাস্তবে এ বিধির প্রয়োগ হচ্ছে সামান্যই। অনেক সময় পক্ষদের এবং আইনজীবীদের অনীহা কাজ করে থাকে। কিছু ক্ষেত্রে দেখা যায়, বিচারপূর্ব শুনানিতে বেশি সময় দিতে হয় বলে বিচারকও সময়ক্ষেপণ করেন। মামলায় অধিক চাপের কারণেই বিচারকেরা সময় পেছাতে বাধ্য থাকেন অনেকাংশে। সাক্ষ্য পর্যায় শেষ হলে পরে আরেকবার আপসের বিধান আছে। কিন্তু বিচারকেরা অনেক ক্ষেত্রেই পক্ষদের হাজির করাতে ব্যর্থ হন। আইনজীবীরাও এ বিষয়ে উৎসাহী হন না।একটি বিকল্প প্রস্তাবপারিবারিক আদালতে ভারতের মতো আমাদের দেশে আইনজীবী নিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। এর বদলে প্রতিটি আদালতে এক বা একাধিক স্থায়ী ভিত্তিতে কাউন্সিলর বা সালিসকারী নিয়োগ করা যেতে পারে। মামলার আরজি একটি নির্দিষ্ট ফরম্যাটে করা যেতে পারে। এ ফরম্যাটে মামলার কারণ, বিবাদীর নাম, ঠিকানা ও অভিযোগ স্পষ্ট করে লেখা থাকবে। কাউন্সিলররা এগুলো যাচাই-বাছাই করে প্রতিপক্ষকে নোটিশ দেবেন এবং সালিসের জন্য ডাকবেন। সালিসে ব্যর্থ হলে বিচারক বিচারকাজ শুরু করবেন। প্রয়োজন সাপেক্ষে বারের বিজ্ঞ আইনজীবীদের মধ্য থেকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ করবেন। সরকার বর্তমানে প্রতিটি আদালতে অধিক সংখ্যক জিপি, এজিপি (সরকারি আইনজীবী) নিয়োগ করেছে। অনুসন্ধানে দেখা গেছে, অনেকেই নামমাত্র সরকারি আইনজীবী হয়ে বসে আছেন। প্রতিটি পারিবারিক আদালতে একজন বা একাধিক এজিপি নিয়োগ করা যেতে পারে, যাঁরা কাউন্সিলর হিসেবে কাজ করবেন। আবেদনকারীর পক্ষেও মামলা পরিচালনা করবেন। মামলার শুনানি, সাক্ষী পর্যায়ে এজিপিরা আদালতকে সহায়তা করতে পারেন। ই-মেইল: [email protected]