ভোগান্তির নাম মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) যাত্রাবাড়ী থেকে দাউদকান্দি পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৈনিক গড়ে ৮০ হাজার প্রাইভেট কার চলতে পারে। আর শুধু বাস বা ট্রাক হলে এই পথে চলতে পারবে ৩২ হাজার। কিন্তু সওজ বলছে, কাঁচপুর সেতুর ওপর দিয়ে দৈনিক গড়ে ৮০ হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইভেট কার চলাচল করে। এর বাইরে ঠেলাগাড়ি, ভ্যান, টেম্পো, রিকশা তো আছেই। ঈদের এক সপ্তাহ আগে থেকে গাড়ির পরিমাণ আরও বেড়ে যায়। ফলে ঈদ কাছে আসার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানজট নামের মহাভোগান্তি লেগেই থাকে।সওজের আওতাধীন সারা দেশে তিন হাজার ৪৪৮ কিলোমিটার জাতীয় মহাসড়ক আছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট (এআরআই) গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর ২০৯টি স্থান দুর্ঘটনা ও যানজটের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে। এসব স্থানে সংযোগস্থল, হাটবাজার ও অবৈধ স্থাপনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এগুলো দূর না করলে রাস্তা বড় করেও যানজট ও সড়ক দুর্ঘটনা কমানো যাবে না।সংযোগে ভোগান্তি: এআরআইয়ের পরিচালক এবং বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক শামসুল হক প্রথম আলোকে বলেন, প্রকৌশলগত বিদ্যায় দুটি মহাসড়ক একসঙ্গে একই লেভেলে (মাটিতে) মিলিয়ে দেওয়ার নিয়ম নেই। একটাকে অবশ্যই মাটির ওপর বা উড়াল পথ দিয়ে পার করতে হয়। কিন্তু বাংলাদেশে এ ধরনের নজির নেই, ফলে মহাসড়কে যানজট হয়। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্ব পাড়, দাউদকান্দির গৌরীপুর, নারায়ণগঞ্জের ভুলতা, ঢাকা-ময়মনসিংহ সড়কের আবদুল্লাহপুর, জয়দেবপুর চৌরাস্তা, বাইপাইল, কালিয়াকৈর, চন্দ্রা এবং ঢাকা-আরিচা মহাসড়কের টেকনিক্যাল মোড়, আমিনবাজার ও নবীনগর স্মৃতিসৌধের পাশে আরও অনেক আগেই উড়াল পথ করা দরকার ছিল। এটা না করলে রাস্তা বাড়িয়েও লাভ হবে না। মহাসড়ক থেকে সাভার বাজার সরিয়ে দেওয়ারও পরামর্শ দেন তিনি।সওজের হিসাব মতে, স্বাভাবিক সময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে প্রতি ঘণ্টায় প্রায় সাড়ে তিন হাজার যানবাহন কাঁচপুর সেতু পার হয়। এর মধ্যে অন্তত দুই হাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলে। বাকিগুলো চলে ঢাকা-সিলেট মহাসড়কে। কিন্তু কাঁচপুর সেতুতে এসে দুই পথের সব গাড়িকেই ভাগাভাগি করে সেতুতে উঠতে হয়। ফলে পেছনের দিকে লম্বা লাইন হয়। একই অবস্থা গৌরীপুর, ভুলতা, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা, বাইপাইল ও নবীনগরেও।পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক মোখলেছুর রহমানকে এবার মহাসড়কে যানজট নিরসনে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ঈদে একসঙ্গে প্রায় ৪০ লাখ লোক ঢাকা ছেড়ে যায়। এতে যানবাহনের চাপ বেড়ে যায়, দুর্ঘটনাও বাড়ে। ফলে যানজটের সৃষ্টি হয়। এবার তাঁরা রাস্তা পরিষ্কার রাখার চেষ্টা করবেন।হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক সোহরাব হোসেন বলেন, কাঁচপুর সেতু, দাউদকান্দির গৌরীপুর, জিরানী, চন্দ্রা ও সাভার বাজার এলাকায় রাস্তার ওপর বাজার ও টেম্পোস্ট্যান্ড গড়ে উঠেছে। এগুলো যাতে সড়কে বাধার সৃষ্টি করতে না পারে, সে চেষ্টা থাকবে তাঁদের।খারাপ রাস্তা: সওজের এক হিসাবে বলা হয়েছে, সারা দেশে প্রায় পৌনে ৩০০ কিলোমিটার জেলা পর্যায়ের রাস্তা অত্যধিক খারাপ অবস্থায় রয়েছে। এর বেশির ভাগই খুলনা ও বরিশাল অঞ্চলে। জেলা পর্যায়ে ভাঙাচোরা রাস্তার পরিমাণ ৫০০ কিলোমিটারের ওপরে। সামান্য ভাঙাচোরা রাস্তা রয়েছে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার।আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের অবস্থাও খারাপ। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই, সীতাকুণ্ড, চৌদ্দগ্রামসহ প্রায় ১০০ কিলোমিটার সড়কের অবস্থা বেশ নাজুক। এই মহাসড়কটি চার লেনে উন্নীত করার উদ্যোগের কারণে এ সড়কের উন্নয়নও হচ্ছে না। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এবারের ঈদে অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা সবার।ঝুঁকিপূর্ণ সড়ক: সওজ ও এআরআইয়ের গবেষণায় জানা গেছে, দেশে মোট সড়ক দুর্ঘটনার ৩৭ ভাগ ঘটে জাতীয় মহাসড়কে, ১২ ভাগ আঞ্চলিক মহাসড়কে এবং ১৫ ভাগ শাখা সড়কে (ফিডার রোডে)।সারা দেশে নয়টি জাতীয় মহাসড়ক রয়েছে। মোট সাড়ে তিন হাজার কিলোমিটার পথের মধ্যে প্রায় ১০০ কিলোমিটার পথ সড়ক দুর্ঘটনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে আছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরিপুর, গজারিয়া, দাউদকান্দি, সোনারগাঁ ও কুমিল্লার বেশ কিছু এলাকা, ঢাকা-আরিচা মহাসড়ক পুরোটাই, ঢাকা-মাওয়া সড়ক ও যমুনা সেতু সংযোগ সড়ক। এসব স্থানে দুর্ঘটনায় গত ১০ বছরে অন্তত আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটেছে এবং প্রায় দুই হাজার লোক গুরুতর জখমের শিকার হয়েছে।