ভোজ্যতেল ও চিনি ব্যবসার ক্ষেত্রে ডিও প্রথা বাতিলের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোজ্যতেল ও চিনির ব্যবসায় ডিও প্রথা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে ভোজ্যতেল ও চিনির উত্পাদন, বিপণন ও বাজারমূল্য পরিস্থিতি সম্পর্কে ভোজ্যতেল ও চিনি মিল-মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ডিও পদ্ধতি থেকে পরবর্তী পদ্ধতিতে উত্তরণের এবং মূল্য নির্ধারণের পদ্ধতির ব্যাপারে পরামর্শ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন: বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইআইটি), টিসিবি, এফবিসিসিআই এবং ভোজ্যতেল ও চিনি ব্যবসায়ীদের মধ্য থেকে একজন করে প্রতিনিধি। এ কমিটি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সুপারিশ পেশ করবে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ ব্যাপারে কমিটি তাদের সুপারিশ দেবে। পরবর্তী সময়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে তা কার্যকর করা হবে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ডিও প্রথা বাতিলের উদ্দেশ্য ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি নয়, পণ্যের সরবরাহ-ব্যবস্থার উন্নতির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে যাতে সহজে পণ্য পৌঁছাতে পারে এবং জনগণ যাতে সহনীয় ও স্থিতিশীল মূল্যে পণ্য কিনতে পারে, তা নিশ্চিত করা। এ ছাড়াও বর্তমান ডিও প্রথায় বারবার হাত বদল হয়ে পণ্যের মূল্য বাড়ানোর যে প্রবণতা, তা বিলুপ্ত করা। নতুন পদ্ধতিতে কাজ ভালো হলে অন্যান্য আইটেমেও তা প্রয়োগ করা হবে।এ সময় বাণিজ্যসচিব গোলাম হোসেন, অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরী, টিসিবির চেয়ারম্যান মো. খলিলুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শওকত আলী ওয়ারেছী, ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।