ভোজ্যতেল ও চিনি ব্যবসায় ডিও প্রথা বাতিলের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে মূল্য স্থিতিশীল রাখতে ভোজ্যতেল ও চিনি ব্যবসার সরবরাহ আদেশ (ডিও) প্রথা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।তবে এর বদলে কোন প্রথায় এ দুটি পণ্য মিল থেকে সরবরাহ করা হবে, তা এখনো ঠিক করা হয়নি। এ ছাড়া ডিলারশিপ তৈরি বা বিতরণ প্রথায় পণ্যের দাম কীভাবে নির্ধারণ করা হবে, তা-ও চূড়ান্ত করেনি বাণিজ্য মন্ত্রণালয়।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে ভোজ্যতেল ও চিনির উৎপাদন, বিপণন এবং বাজারমূল্য পরিস্থিতি সম্পর্কে ভোজ্যতেল ও চিনিকলের মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিও প্রথাকেই পণ্যের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে এটি বাতিলের সিদ্ধান্ত নেন মন্ত্রী।বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ডিও প্রথার বদলে ডিলারশিপ বা বিতরণ প্রথা চালু হতে পারে। ডিও পদ্ধতি থেকে পরবর্তী পদ্ধতিতে উত্তরণ এবং মূল্য নির্ধারণের ব্যাপারে পরামর্শ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ ব্যাপারে সুপারিশ দেবে। মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে চিনি ও ভোজ্যতেলের ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়া হলেও পরে এর অভিজ্ঞতা অন্যান্য পণ্য স্থিতিশীল করার কাজে লাগানো হবে।বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেন, ডিও প্রথা নিয়ে কয়েক মাস ধরেই বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। ডিও নিয়ে কিছু অশুভ শক্তি কাজ করে, যে কারণে পণ্যমূল্য সহনীয় থাকে না। এ পর্যায়ে কিছু অশুভ শক্তির অস্তিত্ব রয়েছে বলেই ডিও প্রথা বাতিল করা হচ্ছে।প্রসঙ্গত, গত আগস্টে বাজার মনিটরিং সভায় ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে ডিও (ডেলিভারি অর্ডার) প্রথা বাতিলসহ সাত দফা সুপারিশ জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।গতকালের বৈঠকে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ডিও প্রথা বাতিল হওয়ার পর ডিলারশিপ বা বিতরণ চালু হলে, ডিলাররা যদি সময়মতো পণ্য না নেয়, তখন মিলার বা আমদানিকারকেরা কী করবেন, সরকারকে এ বিষয়ে ভাবতে হবে। এ সমস্যা সমাধানে সরকারের উচিত রপ্তানির সুযোগ দেওয়া। এটি হলে মিলারদের কাছে প্রচুর কাঁচামাল থাকবে। এ ছাড়া সারা বছরই পণ্য সরবরাহ স্বাভাবিক থাকবে। এ সময় বাণিজ্যমন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।বাণিজ্যমন্ত্রী কমিটিকে সহায়তা করার আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ডিও প্রথা বাতিলের উদ্দেশ্য ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি নয়। বরং পণ্যের সরবরাহ ব্যবস্থার উন্নতি করে প্রত্যন্ত অঞ্চলে সহজে পণ্য পৌঁছানো এবং মূল্য সহনীয় ও স্থিতিশীল রাখা দরকার।সূত্র জানায়, সরকারি কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও বাণিজ্য মন্ত্রণালয় দেখেছে, একটি চক্র ডিও ব্যবসা নিয়ন্ত্রণ করে। ডিও কয়েক হাত বদলের কারণে দাম আরও বেড়ে যাচ্ছে। এ ছাড়া ডিও ব্যাংকে জমা রেখে ঋণ নেওয়ার কারণেও দাম বাড়ছে। নতুন প্রথা ও মূল্য নির্ধারণসংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইআইটি), টিসিবি, এফবিসিসিআই, ভোজ্যতেল ও চিনি ব্যবসায়ীদের মধ্য থেকে একজন করে প্রতিনিধি।সভায় বাণিজ্যসচিব গোলাম হোসেন, অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরী, টিসিবির চেয়ারম্যান মো. খলিলুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত আলী ওয়ারেছী, ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।