ভোজ্যতেল ও চিনির দর আর বেঁধে দেবে না সরকার
ভোজ্যতেল ও চিনির বাজারদর পুরোপুরি ব্যবসায়ীদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এখন থেকে সরকার আর দর বেঁধে দেবে না। ফলে এখন থেকে ভোক্তাদের নির্ভর করতে হবে ব্যবসায়ীদের ওপরই।এত দিন সরকার ভোজ্যতেল ও চিনির দর ঠিক করে দিলেও ব্যবসায়ীরা বেশির ভাগ সময়ই তা মানতেন না। এ জন্য ব্যবসায়ীদের ধমক দেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থাও নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। এখন আর সে সুযোগও রইল না।এদিকে ২১ জুন থেকে পণ্য দুটির পরিবেশক-পদ্ধতি চালু করা হবে। একই সঙ্গে কয়েক দিনের জন্য চালু থাকবে সরবরাহ আদেশ (ডিও) পদ্ধতিও। আগামী ১ জুলাই থেকে পুরোদমে চালু হবে পরিবেশক-পদ্ধতি।পরিশোধনকারী কারখানার মালিকদের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক শেষে গতকাল সন্ধ্যায় বাণিজ্যসচিব গোলাম হোসেন সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।অতিরিক্ত বাণিজ্যসচিব এম মর্তুজা রেজা চৌধুরী, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান সারোয়ার জাহান আহমেদ, ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান আবদুল কাইয়ুম, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।ব্যবসায়ীদের পক্ষ থেকে ছিলেন ভোজ্যতেল সমিতির সভাপতি এম এ রউফ চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ অন্য পরিশোধনকারী কারখানার প্রতিনিধিরা।বাণিজ্যসচিব বলেন, বর্তমানে ভোজ্যতেল ও চিনির যে মজুদ রয়েছে এবং ঋণপত্র বা এলসি যা খোলা হচ্ছে, তাতে আগামী রমজান মাসে কোনো সমস্যা হবে না। দুটি পণ্যই দুই লাখ ২৫ হাজার টন করে মজুদ রয়েছে। এ ছাড়া বন্ডেড ওয়্যার হাউসে ৭৫ হাজার টন ভোজ্যতেল এবং আরও চারটি জাহাজ বন্দরে অপেক্ষমাণ বলে জানান তিনি।উভয় পণ্যের মজুদই স্বস্তিকর পর্যায়ে রয়েছে উল্লেখ করে এম এ রউফ চৌধুরী সচিবের তথ্যের সঙ্গে খানিকটা দ্বিমত পোষণ করে জানান, তেলের মজুদ রয়েছে প্রকৃতপক্ষে দেড় লাখ টন।গোলাম হোসেন বলেন, ভোজ্যতেল ও চিনির মূল্য কী হবে, তা নিতান্তই উৎপাদকের ব্যাপার। মূল্য নির্ধারিত হবে সরবরাহ ও চাহিদার ওপর। কার, কী মূল্যকাঠামো হবে, তা ঠিক করবেন তাঁরাই। কারণ, মূল্য নির্ধারণে অনেক বিষয় জড়িত থাকে। কেউ বেশি দামে আমদানি করে থাকেন, কারও বা আমদানিমূল্য কম পড়ে।সচিব জানান, দেশে ১২ থেকে ১৩টি পরিশোধনকারী কারখানা রয়েছে। এগুলোর মধ্যে প্রচ্ছন্ন প্রতিযোগিতা বিদ্যমান। ব্যবসায়ীদের কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ভোজ্যতেলে তাঁরা লোকসান দিয়ে যাচ্ছেন।বাণিজ্যসচিব বলেন, ‘২১ জুন থেকে পরিবেশক-পদ্ধতি চালু হবে। তবে ডিও পদ্ধতি আরও কয়েক দিন, অর্থাৎ ৩০ জুন পর্যন্ত চালু থাকবে। ভুলে গেলে চলবে না, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় উত্তরণ ঘটতে যাচ্ছে। এ-ও ভুলে গেলে চলবে না, অনেকেই এই ব্যবসায় জড়িত ছিলেন। তাদের ক্ষতি গুনতে হচ্ছে।’সচিব বলেন, উত্তরণের সময় কিছুটা সহনশীল হতে হয়। নইলে ফেটে যাওয়ার শঙ্কা থাকে। পরিবেশক-পদ্ধতি চালুর বিষয়টি অনেকটা বিপ্লবের মতো ঘটনা উল্লেখ করে সচিব বলেন, ‘এ জন্য অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে ভয়ভীতি দেখিয়েছেন।’উৎপাদকেরা ৬০ থেকে ৬৫ শতাংশ পরিবেশক ইতিমধ্যেই নিয়োগ দিয়েছেন বলে জানান বাণিজ্যসচিব। আগে বেঁধে দেওয়া দর কেউ অমান্য করলে যেমন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যেত, বর্তমানে কেউ অতি মুনাফা করলে কী পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আশা করি, ব্যবসায়ীরা কেউ অতিমুনাফা করবেন না। কারণ, প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন।’এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ভোজ্যতেল ও চিনির দর জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জানানোর কথা থাকলেও এখন পর্যন্ত তাঁরা কাজটি করেননি। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের আজ অনুরোধ করেছি, কাজটি যেন তাঁরা করে ফেলেন।’এম এ রউফ চৌধুরী বলেন, ভোজ্যতেল ও চিনির মূল্য নির্ধারিত হচ্ছে যথেষ্ট স্বচ্ছ পদ্ধতিতে। কত দাম দিয়ে পণ্য আমদানি হয়, তা সরকারের দপ্তরে জানাতে হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ জুন অনুষ্ঠিত বৈঠকে আগামী রমজান মাসে কোনো মুনাফা না করার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, তা রক্ষা করার কথা জানান তিনি।পরিবেশক-পদ্ধতি চালুর পর ভোজ্যতেল ও চিনির দর বড়জোর এক টাকা হেরফের হতে পারে বলে জানান রউফ চৌধুরী।