ভোজ্যতেল পাচার হচ্ছে মিয়ানমারে
কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে মিয়ানমারে প্রচুর পরিমাণ ভোজ্যতেল পাচার হচ্ছে। সে দেশে মাসে ২০ থেকে ৩০ হাজার লিটার ভোজ্যতেল পাচার হয় বলে ধারণা করা হচ্ছে। পুলিশি তৎপরতা জোরদার না করায় পাচার বাড়ছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, মিয়ানমারে ভোজ্যতেলের দাম বাংলাদেশের চেয়ে বেশি হওয়ায় সে দেশে তেল পাচার করা হচ্ছে। ২০-২৫ জনের সংঘবদ্ধ পাচারকারী চক্র স্থানীয় দোকানদারদের যোগসাজশে উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন তেল পাচার করছে।টেকনাফের ১৫-২০ জন ব্যবসায়ী বাড়তি চাহিদা দেখিয়ে ঢাকা ও চট্টগ্রামের বাজারজাতকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রচুর তেল আনছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, দোকানিদের কাছ থেকে চোরাকারবারিরা প্রতি লিটার সয়াবিন তেল ১২০ থেকে ১৩০ টাকায় কেনেন। মিয়ানমারের চোরাচালানিদের কাছে বিক্রি করা হয় ১৫০-১৬০ টাকা দরে। মিয়ানমারের বাজারে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২১০ টাকায়।কয়েকজন দোকানদার দাবি করেন, অনেকেই তাঁদের কাছ থেকে তেল কেনেন। কারা তেল পাচার করেন তা তাঁরা জানেন না।গত ১৩ ফেব্রুয়ারি নাফ নদী অতিক্রমকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ১৭৫ লিটার তেলসহ একটি নৌকা আটক করেন। ১২ ফেব্রুয়ারি হ্নীলা এলাকার বেড়িবাঁধে মজুদ করার সময় বিজিবির সদস্যরা ১২৫ লিটার তেল জব্দ করেন। ২০ জানুয়ারি জাদিমুরা এলাকা দিয়ে পাচারকালে টেকনাফ থানার পুলিশ প্রায় ৩৫০ লিটার তেল জব্দ করে।পাচার হয় ২৩টি পয়েন্ট দিয়ে: সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, টেকনাফ সীমান্তের অন্তত ২৩টি স্থান (পয়েন্ট) দিয়ে তেল পাচার করা হচ্ছে। স্থানগুলো হলো: সাবরাংয়ের জালিয়াপাড়া, বাজারপাড়া, ঘোলাপাড়া, মিস্ত্রিপাড়া, নয়াপাড়া; সদরের বরইতলি, নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, মৌলভীপাড়া, হ্নীলার রঙ্গিখালী, নাটমোরাপাড়া, চৌধুরীপাড়া, লেদা, জাদিমুরা, দমদমিয়া, ওয়াব্রাং, মৌলভীবাজার এবং হোয়াইক্যংয়ের কানজরপাড়া, মিনাবাজার, ঝিমংখালী, লম্বাবিল, উনছি প্রুং ও উলুবনিয়া।পাচারের যত কৌশল: জানা যায়, ওই ২৩ পয়েন্ট দিয়ে বিভিন্ন কৌশলে ভোজ্যতেল পাচার করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো—নাফ নদীর তীর থেকে রশির সঙ্গে তেলভর্তি জারিকেন বা কনটেইনার বেঁধে দেওয়া হয়। এরপর সংকেত দেওয়া হলে ওপারের (মিয়ানমার) চোরাচালানিরা ধীরে ধীরে রশি টেনে জারিকেন নিয়ে যান। এ ছাড়া জেলের বেশে মাছ ধরার নৌকায় করে তেল পাচার করা হয়। বিজিবি সূত্র জানায়, গত বছরের জুলাই মাসে এক হাজার ১২ লিটার, আগস্টে ৯৭৮ লিটার, সেপ্টেম্বরে ৩০৭ লিটার, অক্টোবরে এক হাজার ৭১৮ লিটার, নভেম্বরে ৫৫৮ লিটার, ডিসেম্বরে ২৮৭ লিটার ও চলতি বছরের জানুয়ারিতে এক হাজার ৪৩ লিটার ও ফেব্রুয়ারিতে এক হাজার ৮৭ লিটার তেল জব্দ করা হয়েছে।অভিযুক্ত যারা: গোয়েন্দা সূত্র জানায়, মিয়ানমারে ভোজ্যতেল পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা হলেন—মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম, মোহাম্মদ জলিল, মোহাম্মদ ইসলাম, কবির আহমদ ওরফে কবিরা, হাবিব উল্লাহ, মোহাম্মদ শফিক, শামসুল আলম, জাফর আলম, বদি আলম, মোহাম্মদ আলম, মন্জুর আলম, রহিম উল্লাহ, মোহাম্মদ ইউনুছ ওরফে বাইলা, মার্কিন মিয়া, বাবুল সওদাগর, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ ইসলাম, আবদুর রশিদ, মঞ্জুর রহমান, আবদুর রহমান, পুতুয়া, মোহাম্মদ নুরুল আলম, ইউনুছ আলী, নুর মোহাম্মদ, মোহাম্মদ আয়ুব আলী, মোহাম্মদ রফিক, হাবিব উল্লাহ, উসমান মিয়া, নুরুল ইসলাম, কেনি মং, বেলাল হোসেন, বাবুল মিয়া, জামাল হোসেন, দেলোয়ার মিয়া, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল গফফার, মায়া মারমা, সাদ্দাম হোসেন, আবুল হোসেন, আবদুর রশিদ, সাব্বির আহমদ, হারুন মিয়া ও রমজান মিয়াসহ আরও কয়েকজন।প্রয়োজন বাজার মনিটরিং: পাচার রোধে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নেয়, টেকনাফের কোনো ব্যবসায়ী মাসে দুবারের বেশি উপজেলার বাইরে থেকে ভোজ্যতেল আনতে পারবেন না। ব্যবসায়ীভেদে প্রতিবারে দুই থেকে পাঁচ হাজার লিটার তেল আনতে পারবেন। কিন্তু এতেও কোনো কাজ হচ্ছে না। স্থানীয় সচেতন লোকজন বলছেন, টেকনাফের দোকানিদের ওপর কড়া নজরদারি করা হলে তেল পাচার রোধ করা সম্ভব। পাশাপাশি পুলিশি তৎপরতাও বাড়াতে হবে। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রণজিৎ কুমার বড়ুয়া জানান, পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।কর্মকর্তারা যা বলেন: টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা এইচ এম ইউনুচ বাঙ্গালী বলেন, তেল পাচার রোধে সীমান্তে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়। টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির জওয়ানরা দিন-রাত টহল দিচ্ছে। টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে গত কয়েক মাসে প্রায় সাত হাজার লিটার তেল জব্দ ও কয়েকজন পাচারকারীকে নৌকাসহ আটক করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন মিয়ানমারে তেল পাচারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাচার রোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে।