ভোজ্যতেলের ওপর নির্ধারিত শুল্ক আরোপ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে আমদানি মূল্যের ওপর শুল্কের পরিবর্তে টনপ্রতি নির্ধারিত শুল্ক আরোপ করার চিন্তাভাবনা চলছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানির ক্ষেত্রে সুদের হার ১২ শতাংশের মধ্যে সীমিত রাখা, ডলারের বিনিময়মূল্য কমানো এবং ঋণপত্র খোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করতেও শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম হোসেন এসব কথা জানান। জেলা প্রশাসন আয়োজিত এ সভায় ভোজ্যতেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিকারক, পরিশোধক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বাণিজ্যসচিব বলেন, এবারের বাজেটে ভোজ্যতেলের ওপর টনপ্রতি নির্ধারিত শুল্ক আরোপ করার বিষয়ে অর্থমন্ত্রী ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলাপ হয়েছে। নির্ধারিত শুল্ক আরোপ করা হলে বিশ্ববাজারে দাম বাড়লেও শুল্কহার বাড়বে না। গত ফেব্রুয়ারিতে সয়াবিন তেল আমদানিতে মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়। মূল্যের ওপর শুল্ক-কর ধার্য থাকায় বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বাড়লে টনপ্রতি শুল্ক-করও বাড়ে। কিন্তু শুল্ক-কর টনপ্রতি নির্ধারণ করা হলে এ সমস্যা থাকবে না। বাণিজ্যসচিব বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর কথা বলছেন, কিন্তু লিটারে ১৫ টাকা বাড়ানোর কোনো যুক্তি নেই। দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার আগে ভোক্তাদের কথা মাথায় রাখতে হবে। কাস্টম হাউসের কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া বলেন, চলতি অর্থবছরে জুলাই-এপ্রিল পর্যন্ত অপরিশোধিত চিনি আমদানি হয়েছে ১০ লাখ ৭৬ হাজার টন। পরিশোধিত চিনি আমদানি হয়েছে ৪২ হাজার ১৮৩ টন। কাস্টম হাউস নিয়ন্ত্রিত টার্মিনালে এক লাখ ৭৩ হাজার টন ভোজ্যতেলের মজুদ আছে। সুতরাং এখন এ দুটি পণ্যের সংকট নেই। এসএ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম আমদানির ক্ষেত্রে বাধা তুলে ধরে বলেন, ঋণপত্র খুলতে ব্যাংকগুলোর অনীহা, ডলারের বিনিময়মূল্য বৃদ্ধি ও ভোজ্যতেল খালাসে বেশি সময় লাগছে। এগুলো দূর করা প্রয়োজন। তিনি বলেন, দুই মাসের মধ্যে দুই লাখ টন ভোজ্যতেল আমদানি হলে সংকট থাকবে না। ইতিমধ্যে ৬০ হাজার টন ভোজ্যতেল আমদানির ঋণপত্র খোলা হয়েছে। টিকে গ্রুপের পরিচালক তারিক আহমেদ বলেন, ২১ জুন থেকে ভোজ্যতেল ও চিনি বিপণনে পরিবেশক প্রথা চালু হচ্ছে। এখনো প্রায় ৩৫ শতাংশ অঞ্চলে ডিলার নিয়োগ হয়নি। তাই নতুন প্রথার পাশাপাশি পুরোনো প্রথা চালু রাখা দরকার।বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, নিত্যপণ্য আমদানিতে সুদের হার ১২ শতাংশ রাখার ঘোষণা দেওয়া হলেও এখন ১৫-১৬ শতাংশ হারে পরিশোধ করতে হচ্ছে। এবার গম, চিনি, মসুর ডাল ও ছোলার সরবরাহে সংকট হবে না। এসব পণ্যের দামও গত বছরের চেয়ে অনেক কম।চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘রমজান ও দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করুক, এটা আমরাও চাই না। গতবারের মতো এবারও ব্যবসায়ী সংগঠনগুলো ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রির উদ্যোগ নেবেন।’সভায় বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান, জেলা প্রশাসক ফয়েজ আহমদ, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নুরুল আলম, নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ বক্তব্য দেন।