ভোজ্যতেলের দাম নির্ধারিত হবে পরশু
আগামী পরশু বৃহস্পতিবার ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। তিনি বলেছেন, সম্প্রতি বাজারে ভোজ্যতেলের যে দাম বেড়েছে, তা হওয়ার কথা নয়। কেন বাড়ল, তা খতিয়ে দেখে বৃহস্পতিবার নতুন দাম নির্ধারণ করা হবে।আজ মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের সভাপতিত্বে ভোজ্যতেল পরিশোধন কারখানা মালিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে চিনি পরিশোধন কারখানা মালিকেরাও অংশ নেন। এ বৈঠক শেষেই এ কে আজাদ সাংবাদিকদের এসব কথা বলেন।তবে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী ও সচিব কোনো কথা বলতে রাজি হননি।এফবিসিসিআইয়ের সভাপতি জানান, মালিকেরা বৈঠকে জানিয়েছেন, তাঁরা মিলগেট থেকে ১০৫ টাকা লিটার দরে তেল সংগ্রহ করছেন। গত জুলাই মাস থেকে এ পর্যন্ত ১০ লাখ টন ভোজ্যতেল আমদানি করা হয়েছে। হঠাত্ করে কেন দাম বেড়েছে, তা মালিকেরাও বুঝতে পারছেন না।এ কে আজাদ জানান, উভয় পক্ষের মালিকেরাই রপ্তানির সুযোগ পেয়েছেন। দেশীয় সরবরাহ নিশ্চিত করা সাপেক্ষে ভবিষ্যতে দুই পণ্যের রপ্তানিতে এসব মালিকের বিষয়ে সরকার বিবেচনা করবে বলেও বৈঠকে জানানো হয়।