চট্টগ্রাম বন্দরে দুই আমদানিকারকের তিনটি জাহাজ ভাসছে
ভোজ্যতেলের দাম বাড়াতে খালাসে ধীরগতি!
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা ভোজ্যতেল খালাসে ধীরগতির অভিযোগ পাওয়া গেছে। এভাবে আমদানি-কারকেরা দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে ব্যবসায়ীরা বৈঠক করে এবং গত মঙ্গলবার চট্টগ্রামে বাণিজ্যসচিবের সঙ্গে বৈঠকে ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।বন্দর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল পর্যন্ত বন্দরে তেলের জাহাজ ছিল তিনটি। এগুলোতে প্রায় ৩১ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানি করা হয়। এর মধ্যে এমটি মালিয়ান নামের জাহাজে করে প্রায় ১০ হাজার মেট্রিক টন পাম অলিন আমদানি করে মেসার্স ইলিয়াস ব্রাদার্স। নূর জাহান গ্রুপ নামের আরেকটি ব্যবসাপ্রতিষ্ঠান দুই জাহাজে করে আমদানি করে বাকি ২১ হাজার মেট্রিক টন তেল। জাহাজ দুটি হচ্ছে এমটি স্টারলিঙ্ক ভারনেট গ্রেস ও এমটি ইউ ফু। পাঁচ হাজার ৭৯৯ মেট্রিক টন তেল নিয়ে গত মঙ্গলবার স্টারলিঙ্ক বন্দরের বহির্নোঙরে আসে। ১৪ হাজার ৯০০ মেট্রিক টন তেল নিয়ে গতকাল দুপুরে ইউ ফু আসে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘ভোজ্যতেলের জাহাজের জন্য আমরা তিন দিন ধরে বিশেষায়িত জেটি বরাদ্দ রাখছি। কিন্তু কোনো জাহাজ তেল খালাসের জন্য জেটিতে আসছে না।’বন্দরের পরিবহন বিভাগ সূত্রে জানা যায়, জেটিতে জাহাজ ভিড়িয়ে তেল খালাস শুরুর জন্য এমটি স্টারলিঙ্ক ভারনেট গ্রেসের স্থানীয় এজেন্টকে গত সোমবার বন্দর কর্তৃপক্ষ চিঠি দেয়। জাহাজটি কেন জেটিতে এনে তেল খালাস করছে না, ২৪ ঘণ্টার মধ্যে তার ব্যাখ্যা জানাতে ওই চিঠিতে বলা হয়।বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম সরোয়ার প্রথম আলোকে বলেন, বুধবার পর্যন্ত ওই শিপিং এজেন্ট চিঠির জবাব দেননি। অনানুষ্ঠানিকভাবে তাঁরা বলেছেন, তেলের শুল্ক কমানো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা হচ্ছে। এ জন্য তেল খালাস করা হচ্ছে না।তবে শুল্কায়নের দায়িত্বে থাকা চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘যে তেলের জাহাজের কথা বলা হচ্ছে, সেটির আমদানি চালান চট্টগ্রাম কাস্টম হাউসে জমা হয়নি, শুল্ক নিয়ে ঝামেলা হবে কীভাবে। আমরা আমদানিকারককে খুঁজে বের করে বুধবার আমদানি চালান জমা দেওয়ার ব্যবস্থা করেছি।’আমদানি চালান জমা না হলে আমদানি করা কোনো পণ্যের শুল্কায়ন করা হয় না। শুল্কায়ন না হলে ওই পণ্য খালাসের অনুমতি দেওয়া হয় না।সময়মতো তেলের জাহাজ না ভেড়ানোর বিষয়টি স্বীকার করে নূর জাহান গ্রুপের চেয়ারম্যান জহির আহমেদ বলেন, ‘সরকারি নীতির কারণে আমরা তেল খালাস করতে পারছি না। একই তেল এনে আমাদের শুল্ক দিতে হয় ১৫ শতাংশ। আর অন্যরা সরকারের বিশেষ অনুমোদন নিয়ে শুল্ক দিচ্ছে ১০ শতাংশ।’সূত্রমতে, ১০ হাজার মেট্রিক টন ভোজ্যতেল নিয়ে এমটি মালিয়ান চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে গত সোমবার। বহির্নোঙরে যেখানে প্রতি ২৪ ঘণ্টায় দুই হাজার মেট্রিক টন তেল খালাস হয়, সেখানে এ জাহাজ থেকে গত দুই দিনে নামানো হয় মাত্র দুই হাজার টন। গতকাল বিকেলে আট হাজার টন তেল নিয়ে জাহাজটি বন্দরের রিভার মুরিং জেটিতে ভিড়েছে।জাহাজের স্থানীয় এজেন্ট ডব্লিউএসএলের কর্মকর্তা নঈম উদ্দীন জানান, এ জাহাজের তেল খালাসে আরও তিন দিন লাগবে। এ ধরনের জেটিতে প্রতি ২৪ ঘণ্টায় পাঁচ-ছয় হাজার মেট্রিক টন তেলও খালাস হয়ে থাকে। খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, দুই দিনের ব্যবধানে সয়াবিনের দাম প্রতি মণে ৬০-৭০ টাকা বেড়ে চার হাজার ২৫০ টাকা হয়েছে। অর্থাৎ কেজিতে বেড়েছে প্রায় চার-পাঁচ টাকা। একইভাবে পাম এবং সুপার পাম (পরিশোধিত) তেলের দাম কেজিতে বেড়েছে দুই টাকার বেশি। এ দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা ডলারের মূল্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের চড়া দামকে দায়ী করেন। ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, দেশে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। রোজার মাসে এ চাহিদা আরও বেড়ে যায়।