দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গতকাল বৃহস্পতিবার সয়াবিন তেল বিক্রি হয় কেজিপ্রতি ৭৩ টাকা ৯৫ পয়সা। আর বাণিজ্য মন্ত্রণালয় গতকালই বৈঠক করে কারখানা গেটে সয়াবিন তেলের কেজি ৭৬ টাকা নির্ধারণ করে দেয়।অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় বাজারদরের চেয়ে দুই টাকা বাড়িয়ে সয়াবিনের দাম নির্ধারণ করল। গতকাল অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে পামতেল ও সুপার পামের দামও নির্ধারণ করে দেওয়া হয়। এই দুই ক্ষেত্রেও সরকার-নির্ধারিত দাম বাজারদরের চেয়ে বেশি। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যসচিব গোলাম হোসেন। আজ শুক্রবার থেকে এ মূল্য কার্যকর হবে বলে সভায় জানানো হয়।বাজারদরের চেয়ে বেশি দর নির্ধারণ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্যসচিব গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, বাজারদর নয়, আমদানিমূল্য ও পরিশোধন খরচের গড় করে এই বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। রোজায় যাতে কেউ আর দাম বাড়াতে না পারে, সে জন্য এটা করা হয়েছে। তিনি আরও বলেন, এই মূল্য পুরো রমজান মাস কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কেউ এই দরের বেশি দামে ভোজ্যতেল বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গতকাল সচিবালয়ে এফবিসিসিআই, ভোজ্যতেল পরিশোধনকারী সমিতি এবং ভোজ্যতেল আমদানিকারকদের সঙ্গে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এ দর নির্ধারণ করা হয়। তবে বৈঠকে ভোক্তাদের পক্ষের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকে নির্ধারিত কারখানা গেটে দর হচ্ছে প্রতি কেজি খোলা সয়াবিন তেল ৭৬ টাকা, পাম সুপার তেল ৭২ টাকা এবং পামতেল ৬৯ টাকা। ভোজ্যতেলের খুচরা পর্যায়ের দরও এ সময় নির্ধারণ করা হয়েছে। এর ফলে প্রতি কেজি সয়াবিনের সর্বোচ্চ খুচরামূল্য হবে ৮০ টাকা, পাম সুপার তেল ৭৬ টাকা এবং পামতেল ৭৩ টাকা।বৈঠক শেষে বাণিজ্যসচিব গোলাম হোসেন সাংবাদিকদের বলেন, পবিত্র রমজানে ভোক্তাদের সুবিধার জন্য দরগুলো নির্ধারণ করা হয়েছে। কারখানা গেটের দরের চেয়ে কেউই চার টাকার বেশি মুনাফা করতে পারবেন না বলেও তিনি জানান।বাণিজ্যসচিব সাংবাদিকদের আরও বলেন, ‘নির্ধারিত দরেই মিলার ও খুচরা দোকানদারদের ভোজ্যতেল বিক্রি করতে হবে। এর দর অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর অনৈতিকভাবে কেউ মূল্য বেশি নিলে অবশ্যই শাস্তি পেতে হবে তাদের।’এদিকে, গতকাল রাতে কারওয়ান বাজারের দোকানগুলো সরেজমিনে ঘুরে জানা গেছে, খুচরাবাজারে খোলা সয়াবিন তেল ৭৬ থেকে ৭৮ টাকা, পাম সুপার তেল ৭২ থেকে ৭৩ টাকা এবং পামতেল ৭০ থেকে ৭২ টাকা দরে বিক্রি হয়েছে।আবার গতকাল চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জেও কেজিপ্রতি সুপার পাম ৬৯ দশমিক ৬৬ টাকা এবং পামতেল ৬৮ টাকা ৩২ পয়সা দরে বিক্রি হয়।জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের পরিচালক, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেলের যে দর ঠিক করে দিয়েছে, বাজারদর তার চেয়ে কম। এটা করা ঠিক হয়নি।