কেজিতে ১০ থেকে ১২ টাকা বেশি রাখা হচ্ছে: ট্যারিফ কমিশনের প্রতিবেদন
ভোজ্যতেলের বাজার অস্থির দাম বাড়ছেই
ভোজ্যতেলের বাজার অস্থির। সরকারি প্রতিবেদন অনুযায়ী, অযৌক্তিকভাবে ভোজ্যতেলের বাড়তি দাম রাখছেন ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারেই দাম বাড়ছে। ফলে এর প্রভাব পড়ছে বাজারে।সরকার ভোজ্যতেলের দাম স্থিতিশীল রাখতে নানা ধরনের পরিকল্পনার কথা বললেও কোনো কিছুই কাজে আসছে না। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেও দাম নিয়ন্ত্রণে থাকছে না।ব্যবসায়ীরা যে দাম বাড়ানোর পেছনে আন্তর্জাতিক বাজারের দোহাই বা অজুহাত দিয়ে থাকেন, তা যাচাই করে দেখতে বাংলাদেশ ট্যারিফ কমিশনকে নির্দেশ দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল সোমবারই ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজারের প্রবণতা নিয়ে ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়কে একটি প্রতিবেদন পাঠিয়েছে।এই প্রতিবেদন অনুযায়ী, যে ভোজ্যতেল বর্তমানে বাজারে রয়েছে, সেগুলো কেজিতে ১০ থেকে ১২ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাজারে যে সয়াবিন তেল রয়েছে, তা অপরিশোধিত আকারে দেশে এসেছে টনপ্রতি ৮৯৫ ডলার বা ৬২ হাজার ২০০ টাকায়। ডলারকে ৬৯ টাকা ৫০ পয়সা ধরে হিসাব করলে এতে প্রতি কেজি সয়াবিন তেলের দাম পড়ে ৬২ টাকা ২০ পয়সা।জাহাজভাড়া, কর, পরিশোধন ব্যয়, ব্যাংকের সুদ, পরিশোধনজনিত ঘাটতি এবং মুনাফাসহ প্রতি টনের মূল্য দাঁড়ায় ৮০ হাজার টাকা, আর প্রতি কেজির মূল্য ৮০ টাকা। অথচ এই সয়াবিন তেলই বিক্রি হচ্ছে কেজিতে আট থেকে ১২ টাকা বেশি দরে।একইভাবে যে পাম তেল বাজারে বিক্রির জন্য রয়েছে, তা আমদানি করা হয়েছে টনপ্রতি ৮১১ ডলার, অর্থাৎ ৫৬ হাজার ৩৬৪ টাকা করে। অন্য সব খরচ যোগ করলে পাম তেলের খুচরা দর হওয়ার কথা ৭২ থেকে ৭৪ টাকা। অথচ এই তেল বিক্রি হচ্ছে কেজিতে ১০ থেকে ১২ টাকা করে বেশি দরে।মাসে এক থেকে সোয়া লাখ টন ভোজ্যতেলের বাজার রয়েছে দেশে। ভোজ্যতেলের চাহিদা পূরণ হয় আমদানি করা সয়াবিন ও পাম তেলের মাধ্যমে। স্থানীয়ভাবে উৎপাদিত হওয়া সরষের মাধ্যমেও কিছুটা চাহিদা পূরণ হয়। বর্তমানে বাজারে যে তেল রয়েছে, তা গত আগস্টে আমদানি করা। আমদানি মূলত মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে করা হয়।বাজারে খোলা সয়াবিন তেলই বিক্রি হয় সবচেয়ে বেশি। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ৮৮ থেকে ৯২ টাকা কেজিতে। এক সপ্তাহ আগে এ দর ছিল ৮৮ থেকে ৯০ টাকা, এক মাস আগে ছিল ৮৪ থেকে ৮৬ টাকা, আর এক বছর আগে ছিল ৭৪ থেকে ৭৫ টাকা। বছরে বেড়েছে ২১ শতাংশ।একইভাবে গতকাল পাম তেল বিক্রি হয়েছে ৮৩ থেকে ৮৫ টাকা দরে। এক সপ্তাহ আগে ছিল ৮২ থেকে ৮৫ টাকা, এক মাস আগে ছিল ৮০ থেকে ৮৩ টাকা। আর এক বছর আগে পাম তেলের কেজি ছিল ৬০ থেকে ৬২ টাকা। বছরে বৃদ্ধি ৩৭ শতাংশ।বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম এ হাশেম প্রথম আলোকে বলেন, বাজারে ভোজ্যতেলের দাম বাড়লেও তাঁদের কোনো লাভ হয় না। কারণ, তাঁরা কেজিতে ৩০ থেকে ৫০ পয়সা করে মুনাফা করেন। আসল মুনাফা করেন পরিশোধনকারী ও খুচরা ব্যবসায়ীরা।বর্তমানে ভোজ্যতেলের সরবরাহের কোনো ঘাটতি নেই দেশে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে আমদানি হয়েছে ১৮ হাজার ১৫৬ টন অপরিশোধিত সয়াবিন তেল। পরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে দশমিক ৯৫ টন। আর অপরিশোধিত পাম তেল আমদানি হয়েছে ৪৪ হাজার ৬২ টন ও পরিশোধিত পাম তেল আমদানি হয়েছে ১১ হাজার ৯৬১ টন।এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও কৃষি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যের উদাহরণ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান, ভোক্তাদের ৫৪ শতাংশ পাম তেল, ৩৪ শতাংশ সয়াবিন তেল এবং আট শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত সরষের তেল ও অন্যান্য তেল ব্যবহার করে।রাজধানীর মৌলভীবাজারের ভোজ্যতেলের পাইকারি ব্যবসায়ী মুজাহিদ হোসেন বলেন, ডিও (ডেলিভারি অর্ডার বা সরবরাহ আদেশ) প্রথা বন্ধ হলে ভালো। এতে বড় ব্যবসায়ীদের কিছুই হবে না। তবে দেখতে হবে ডিও বন্ধের কথা বলে সরকার সাময়িকভাবে হুমকি দিচ্ছে, নাকি প্রকৃতপক্ষেই চাচ্ছে।বাণিজ্যসচিব গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভোজ্যতেলের বাড়তি দাম রোধে সরকার কিছুই করছে না—কথাটি ঠিক নয়। ব্যবসায়ীদের সঙ্গে পর্যালোচনা করে দেখেছি, সরবরাহ আদেশ প্রথা (ডিও) ভোজ্যতেলের দাম বাড়ার অন্যতম কারণ। তাই এই প্রথাই বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।’সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় ডিও প্রথা বন্ধের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, ‘এটি একটি বড় চক্র। ডিও বিভিন্ন হাত ঘুরে পণ্যমূল্য বাড়াতে ভূমিকা রাখে।’ডিও প্রথা বন্ধের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক। প্রথম আলোকে তিনি বলেন, ‘সরকার একটা উদ্যোগ নিয়েছে, দেখি না কী হয়। ফল ভালো না হলে আবার ডিওর দিকে ফিরে যাবে, অসুবিধা কী?’