ভোজ্যতেলের সরবরাহ কম, দাম বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে ভোজ্যতেলের সরবরাহ আবারও কমিয়ে দিয়েছে মজুদদারেরা। ফলে তেলের দাম লিটারপ্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের আশঙ্কা, দাম আরও বাড়তে পারে। বাজেট ঘোষণার পরদিন গতকাল শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ভোজ্যতেল ছাড়া সবকিছুর দামই মোটামুটি স্থিতিশীল।মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকার নোয়াখালী জেনারেল স্টোরের স্বত্বাধিকারী আবু তাহের প্রথম আলোকে জানান, এ বছর দফায় দফায় বাড়ছে ভোজ্যতেলের দাম। সপ্তাহ খানেক আগে কোম্পানিগুলো একবার সব ধরনের সয়াবিন তেলের দাম বাড়িয়েছে। এখন তারা আবার সরবরাহ কমিয়ে দিয়েছে। এর মানে আগামী সপ্তাহে দাম আবার বাড়বে। রাজধানীর হাতিরপুল বাজারে গিয়ে জানা গেছে, এক সপ্তাহ ধরে বাজারে ভোজ্যতেলের সরবরাহ নেই। খুচরা ব্যবসায়ীদের কাছে এক সপ্তাহ আগে যে মজুদ ছিল, এখনো তাঁরা তা-ই বিক্রি করছেন। লিটন জেনারেল স্টোরের জসিমউদ্দিন জানান, দু-এক দিনের মধ্যে তেলের সরবরাহ না বাড়লে দাম আরও বাড়বে।মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সেলিম জেনারেল স্টোরের মাছুমুর রশীদ ভূঁইয়া জানান, তীর মার্কা এক লিটার ১১৬ টাকার স্থলে ১২০ টাকা এবং দুই লিটার ২৩৪ টাকার স্থলে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে চিনির দামও বেড়েছে। মোহাম্মদপুরে তেল কিনতে আসা বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে মনে হয় না দেশে কোনো সরকার আছে।’যোগাযোগ করা হলে বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, মূলত সরবরাহ কম হওয়ায় ভোজ্যতেলের দর কিছুটা বেড়েছে। সরবরাহ কম হওয়ার কারণ সম্পর্কে তিনি জানান, দেশে ডলারের দাম বেড়ে যাওয়ায় এবং ব্যাংকে তারল্য সংকটের কারণে অনেক মিলমালিক কিছুদিন আমদানি কমিয়ে দিয়েছিলেন। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দর কমতে শুরু করেছে। ফলে সরবরাহ বাড়লে দেশের বাজারে ভোজ্যতেলের দর কমে যাবে। সবজি: ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৩০ টাকা এবং ঢ্যাঁড়স ২৫ টাকা, গোল বেগুন ৩০ টাকা, লম্বা বেগুন ২৫ টাকা, ধুন্দল ৩৫ টাকা, পটোল ২৫ টাকা, চিচিঙা ৩০ টাকা, গাজর ৫০ টাকা, শসা ২৫ টাকা, কাঁকরোল ৩৫ টাকা, কচুমুখী ৪০ টাকা, ঝিঙা ৩৫ টাকা, আলু ১২ টাকা, মরিচ ২৫ টাকা, বরবটি ৩০ টাকা, টমেটো ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে।মোহাম্মদপুরের সবজি ব্যবসায়ী টিপু মিয়া জানান, সরবরাহ কম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম কমছে না।চাল: মোহাম্মদপুরের আনোয়ার রাইচ স্টোরের মালিক আনোয়ার জানান, চালের দাম বাজেটের পর বাড়েনি। পাইকারি বাজারে মিনিকেট ৪৪ থেকে ৪৫, নাজিরশাল ধরনভেদে ৪৩ থেকে ৫৫ টাকা, পাইজাম ৩৪ থেকে ৩৬ টাকা এবং মোটা চাল ৩০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে মিনিকেট ৪৫ থেকে ৪৬ টাকা, গুটি স্বর্ণা ৩৫ থেকে ৩৬ টাকা, পোলাওয়ের চাল পাইকারি ৫৭-৬২ টাকা, খুচরা ৬৪-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।মাছের দাম বাড়ছেই: বাজারে সব ধরনের মাছের দামই বেড়েছে। বড় ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায় এবং মাঝারি ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। মোহাম্মদপুরের মাছ বিক্রেতা আসলাম ও কালাম জানান, আকারভেদে মাছের দাম কম-বেশি। যত বড় মাছ দামও তত বেশি।মাংস: ব্রয়লার মুরগি আগের দামেই প্রতি কেজি ১২৫ থেকে ১৩০ টাকা, দেশি মুরগি ২৯০ থেকে ৩১০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ২৬০ থেকে ২৭০ টাকা, খাসি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য: বাজারে আটা ও ময়দার দাম কমেছে বলে ব্যবসায়ীরা জানান। গতকাল প্রতি কেজি আটার দাম ছিল ৩০ টাকা এবং ময়দা ৩৫ টাকা। এ ছাড়া দেশি পেঁয়াজ ২৫-২৮ টাকা, ভারতীয় পেঁয়াজ ২২ থেকে ২৪ টাকায় বিক্রি হচ্ছে।