ভোট কেনার বিষয়টি আমার জানা নেই: মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, আস্থা ভোটে জিততে অর্থের বিনিয়মে ভোট কেনার বিষয়টি তাঁর জানা নেই। আজ শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ২০০৮ সালে লোকসভায় আস্থা ভোটে বিরোধী দলের ভোট পেতে কোটি কোটি রুপি ঘুষ দেওয়া হয়েছিল এমন এক সংবাদ প্রকাশিত হলে গতকাল বৃহস্পতিবার বিরোধীরা মনমোহনের পদত্যাগ দাবি করে এবং পার্লামেন্ট অচল করে দেয়। এরই প্রতিক্রিয়ায় মনমোহন সিং আজ এ সংবাদ সম্মেলন ডাকেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।সম্মেলনে প্রধানমন্ত্রী মনমোহন বলেন, ‘আমি এ ধরনের লেনদেনের সঙ্গে আদৌ জড়িত নই এবং বিষয়টি সম্পর্কে আমার কিছুই জানা নেই।’ভারতের দ্য হিন্দু পত্রিকা উইকিলিকসে ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে যে ২০০৮ সালে মনমোহন সিংয়ের জোট সরকার পার্লামেন্টে আস্থা ভোটে জিততে একটি আঞ্চলিক দলের চারজন সাংসদের সমর্থন পেতে তাঁদের প্রত্যেকে ১০ কোটি রুপি করে ঘুষ দিয়েছিল। গতকাল বৃহস্পতিবার ঘুষ দেওয়ার বিষয়টি নিয়ে লোকসভায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধী সাংসদেরা। তাঁরা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগও দাবি করেন। বিক্ষোভের মুখে গতকাল লোকসভার অধিবেশন মুলতবি হয়ে যায়।