ভোট গ্রহণে সন্তোষ প্রকাশ করলেন সিইসি
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। তিনি বলেন, দুই-একটি কেন্দ্র বাদে ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি ছিল সন্তোষজনক। তিনি নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তা মেনে নিতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান।নির্বাচন শেষে এ ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য তুলে ধরতে আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে শামসুল হুদা বলেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন অনেক পদক্ষেপ নিয়েছিল। প্রার্থীসহ সবাই এ ক্ষেত্রে সহযোগিতা করেছে। তিনি বলেন, এমন নির্বাচন আগে কোনো সিটি করপোরেশন নির্বাচনে হয়নি। এমন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন ইতিহাস হয়ে থাকবে।প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমিশন ই-ভোটিং নিয়ে চিন্তিত ছিল। তবে কোনো ধরনের বিপত্তি ছাড়াই সফলভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ সফল হয়েছে। এ কারণে তাত্ক্ষণিকভাবে পাঁচ-ছয়টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সময় কয়েকটি কেন্দ্রে এ পদ্ধতি চালু করতে নির্বাচন কমিশন আগ্রহী।সিইসি দাবি করেন, তিন থেকে চারটি কেন্দ্রে ৬৫-৭০ শতাংশ ভোট পড়েছে। অন্যান্য কেন্দ্রের পরিস্থিতিও ভালো ছিল। বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের পোলিং এজেন্টদের কয়েকটি কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে তাঁর প্রধান নির্বাচনী সমন্বয়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী যে অভিযোগ করেছিলেন, তা নাকচ করে দিয়েছেন শামসুল হুদা। তিনি বলেন, কোনো পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়নি। ভিডিও ফুটেজ দেখে তা নিশ্চিত হওয়া গেছে।সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আটকের ব্যাপারে সিইসি বলেন, যে মামলায় তাঁকে (সাকা) আটক দেখানো হয়েছিল, সেটা ঠিক হয়নি। তাঁর আচরণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়নি। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। সাকা চৌধুরীকে আটক করার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।