ভোট গ্রহণের ১২ দিন আগে মাঠে নামছেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের ১২ দিন আগেই ভ্রাম্যমাণ আদালত মাঠে নামছেন। এসব আদালত নির্বাচনী অপরাধের তাত্ক্ষণিক বিচার করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম খান আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য জানান।নির্বাচন কমিশন সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম ও নির্বাহী হাকিমেরা মোট ১৩ দিনের জন্য নিয়োজিত থাকবেন। অর্থাত্ ভোট গ্রহণের পরের দিনও তাঁরা দায়িত্ব পালন করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি ২৫৯টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। ভ্রাম্যমাণ আদালতের জন্য ২৫৯ জন বিচারিক হাকিমকে আজ নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে তালিকা পাওয়ার পর নির্বাহী হাকিমদের নিয়োগ দেওয়া হবে।স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ইতিমধ্যে মোবাইল কোর্ট অধ্যাদেশের তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিমেরা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দিতে পারবেন। আর বিচারিক হাকিমেরা নির্বাচনী অপরাধের দায়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের আদেশ দিতে পারবেন।কমিশন সূত্র আরও জানায়, রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি পৌরসভায় ১ জানুয়ারি থেকে, খুলনা ও বরিশালের ৫০টি পৌরসভায় ২ জানুয়ারি, ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভায় ৬ জানুয়ারি, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৬০টি পৌরসভায় ৭ জানুয়ারি এবং পুনর্নির্ধারিত তফসিলের ১৪টি পৌরসভায় ১৬ জানুয়ারি থেকে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।