ভোট চাইতে মঞ্জুরের বাসায় যাবেন মহিউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী নির্বাচনী প্রচারণা শুরু হলে বিএনপি-সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলমের বাসায় ভোট চাইতে যাবেন। তিনি বলেন, ‘উনার ঘরের কেউ একজন তো আমাকে ভোট দিতে পারেন।’ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। দুপুরে নগরের চশমা হিলে নিজ বাসভবনে সদ্য সাবেক মেয়র মহিউদ্দিন সাংবাদিকদের আরও বলেন, ‘এবারের নির্বাচনে আমার উন্নয়নের কোনো প্রতিশ্রুতি নেই। আইনি বাধ্যবাধকতার কারণে এবার কোনো প্রতিশ্রুতি দেওয়া যাচ্ছে না।’ তিনি জানান, কোন্দল মেটাতে তিনি দলের ভেতরে তাঁর বিরোধী বলে পরিচিত নেতাদের বাসায়ও যাবেন। আগামী ১৭ জুনের নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ প্রসঙ্গে মহিউদ্দিন বলেন, রাজনৈতিক দলে দলাদলি থাকেই। কেউ মনোনয়নপত্র জমা দেওয়া মানেই কোন্দল নয়, এটি নির্বাচন করার ইচ্ছা। এ অধিকার সব নাগরিকেরই আছে। মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূল নেতারা তাঁকে মনোনয়ন দিয়েছেন দাবি করে তিনি বলেন, দলীয় সভানেত্রী নিশ্চয়ই কোন্দল নিরসনের উদ্যোগ নেবেন। জানা যায়, মনোনয়নপত্র সংগ্রহের পর মহিউদ্দিন তাঁর বিরোধী বলে পরিচিত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী ও উত্তর জেলার সভাপতি সাংসদ মোশাররফ হোসেনের বাসায় যান।মহিউদ্দিন চৌধুরী জানান, সিটি গভর্নমেন্ট বাস্তবায়নে তিনি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। উল্লেখ্য, গত সিটি করপোরেশন নির্বাচনে তাঁর ৪০ দফা প্রতিশ্রুতির প্রথমটিই ছিল সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা। ওই নির্বাচনে বিজয়ের পরদিন (২০০৫ সালের ১০ মে) লালদীঘি মাঠে আয়োজিত সমাবেশে তিনি দুই মাসের মধ্যে সিটি গভর্নমেন্ট বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি চট্টগ্রামে বিদেশি বিনিয়োগ বাড়াতে চেষ্টা করেছি। কিন্তু চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসএসএর উদ্যোগের বিরোধিতা করেছি বলে অনেকে মনে করেন, আমি বিদেশি বিনিয়োগের বিরোধী।’ তিনি বলেন, ‘কেউ যদি বিনিয়োগের নামে আমাদের গলা টিপে ধরে আগ্রাসন করতে চায়, চট্টগ্রামে ঘাঁটি গড়তে চায়, আমি আবারও তার বিরোধিতা করব।’ টানা ১৭ বছর মেয়রের দায়িত্ব পালন করে নির্বাচনে অংশ নিতে গত বৃহস্পতিবার পদত্যাগ করা মহিউদ্দিন বলেন, ‘চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ট্রানজিট বাস্তবায়ন হলে শুধু চট্টগ্রামের নয়, সারা দেশের উন্নতি হবে।’