ভোট চুরির ইতিহাস আ.লীগের নেই: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতির ধারণা ছেড়ে গণতন্ত্রের পথে ফিরে আসার জন্য বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। বিরোধী দলের নেত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে গণতন্ত্রের পথে ফিরে আসুন। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, আগামী সাধারণ নির্বাচনও সেভাবেই অনুষ্ঠিত হবে।’আওয়ামী লীগের সভানেত্রী আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘ভোট চুরির ইতিহাস আওয়ামী লীগের নেই। বরং জনগণের কাছ থেকে বিএনপির ছিনিয়ে নেওয়া ভোটাধিকার আওয়ামী লীগই ফিরিয়ে দিয়েছে।’ তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সাম্প্রতিক চার সিটি করপোরেশনসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই। আজ শনিবার সকালে গণভবনে রংপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের দমন-পীড়ন ও অত্যাচার থেকে রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী—কেউই রেহাই পাননি। তিনি আরও বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়াকেও জেলে পাঠিয়েছিল। কাজেই তত্ত্বাবধায়ক সরকার পুনরায় ক্ষমতায় এলে আবারও তাঁকে যে জেলে যেতে হবে না, এমন নিশ্চয়তা ওনাকে কে দিয়েছে।’শেখ হাসিনা আরও বলেন, ‘সাবেক তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের বদলে দুই বছর ক্ষমতা আঁকড়ে ছিল। এবার তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে নির্বাচন দেবে, এমন কি কোনো নিশ্চয়তা আছে? তখন হয়তো অতীতের মতো কিছু বিজ্ঞ ব্যক্তি পাওয়া যাবে, যাঁরা বলবেন, তত্ত্বাবধায়ক সরকার রোজ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে।’তাঁর সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কেউই এসব নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি। ক্ষমতার মালিক জনগণ যাকে চেয়েছে, তাকেই নির্বাচিত করেছে। এ ধরনের নির্বাচন অনুষ্ঠানের সাহস আওয়ামী লীগের রয়েছে এবং তারা আগামী নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে পারবে।আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আবদুল্লাহ, এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে রংপুর জেলা আওয়ামী লীগের কর্মকর্তা, জাতীয় কমিটির সদস্য, দলের সংসদ সদস্য, রংপুর জেলা পরিষদের প্রশাসক, উপজেলা, থানা, ইউনিয়ন ও পৌরসভা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা, দলের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সহযোগী ও সমমনা সংগঠনের জেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।