ভোট ডাকাতির অভিযোগ আমাদের সংস্কৃতি: সাখাওয়াত
নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচনে পরাজিত হওয়ার পর প্রার্থীদের ভোট ডাকাতির অভিযোগ করা আমাদের সংস্কৃতি হয়ে গেছে। জনগণ, ভোটার ও প্রার্থীদের মনমানসিকতা স্বচ্ছ হলে নির্বাচন স্বচ্ছ হতে বাধ্য। আসন্ন পৌর নির্বাচনের প্রার্থীদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ‘এ নির্বাচন নিদর্লীয়, তবে অরাজনৈতিক নয়। নির্বাচনে কোনো অরাজকতা সহ্য করা হবে না।’ আজ শনিবার নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত সম্মেলনকক্ষে পৌর নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় সাখাওয়াত এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন প্রার্থীদের উদ্দেশে আরও বলেন, সিঙ্গারা, মিষ্টির প্যাকেট ও ফ্ল্যাক্সিলোডের মাধ্যমে ভোটারদের কাছে টাকা পাঠানোর কথা ভুলে যান। কোনো প্রার্থী নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া টাকার চেয়ে যদি বেশি ব্যয় করেন এবং তার প্রমাণ যদি কমিশন পায়, তাহলে নির্বাচিত হওয়ার পরও তাঁর পদ বাতিল হয়ে যাবে। আমরা চাই সব প্রার্থী আচরণবিধি মেনে চলুক। এর মাধ্যমেই নির্বাচনের পরিবেশ সুন্দর হবে।’ সভা থেকে জানানো হয়, হাইকোর্টের আদেশে নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক অমৃত বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আক্কাছ উদ্দিন ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।