গোল করাটা তাঁর জন্য খুবই সহজ একটা কাজ। গোলমেশিন নামেই পরিচিত হয়ে গেছেন সাতক্ষীরার স্ট্রাইকার সাবিনা খাতুন। কেএফসি মহিলা ফুটবল লিগে সাতক্ষীরাকে চূড়ান্ত পর্বে ওঠানোর পেছনে জাতীয় দলের এই স্ট্রাইকারের ভূমিকাই সবচেয়ে বড়। গতবার সাতক্ষীরা রানার্সআপ হলেও এবার দলকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখছেন প্রথম পর্বে ৪ ম্যাচে ৩৮ গোল! কীভাবে এত গোল করতে পারেন?সাবিনা খাতুন: আমি ৩৮ গোল করিনি, ২টা কম করেছি। ফেডারেশন ভুল তথ্য দিয়েছে। কুষ্টিয়ার বিপক্ষে ৬টি গোল করেছিলাম, ফেডারেশন জানিয়েছিল ৮ গোল। রহস্য কিছুই না, আমি যেন কীভাবে গোল পেয়ে যাই। আগে থেকে কি কোনো পরিকল্পনা নিয়ে খেলতে নেমেছিলেন এবার?সাবিনা: গত মৌসুমে সর্বোচ্চ ২৮টি গোল করেছিলাম। এবার টার্গেট ছিল সংখ্যাটা আরও একটু বাড়িয়ে নেওয়ার। চূড়ান্ত পর্বে কি তাহলে ৫০ পেরিয়ে যাবেন?সাবিনা: আগে থেকে কিছু বলা যায় না। প্রাথমিক পর্বের বেশির ভাগ দলই দুর্বল থাকে। চূড়ান্ত পর্বের দলগুলো তুলনামূলক শক্তিশালী। অত গোল করা কঠিনই হবে। প্রতি ম্যাচে সব গোলের আনন্দই কি একইভাবে উদ্যাপন করেন? নাকি জয় নিশ্চিত হলে আর সেভাবে আনন্দ করেন না? সাবিনা: দল জিতলে সেই আনন্দ অন্য রকম। তবে গোল করার আনন্দ আমার কাছে সব সময়ই একই রকম। সেটি ম্যাচের প্রথম গোল হোক বা ১৪তম গোল হোক। আপনাকে এত গোল করতে দেখে সতীর্থরা ঈর্ষা করেন না?সাবিনা: সতীর্থদের মধ্যে কখনোই এ রকম কিছু দেখিনি। বরং আমি গোল করলে ওরা যে আনন্দ করে, সেটা দেখে মনে হয় গোলটা বোধহয় আমি দিইনি, ওরাই কেউ দিয়েছে। অনেক দলেই হয়তো এটা আছে যে ও কেন এত গোল করছে? আমার দলের কারোর মন-মানসিকতা এমন না। সাবিনা নাম শুনলেই প্রতিপক্ষরা হারার আগে হেরে বসেছে—এমন ঘটনা কি ঘটেছে প্রাথমিক পর্বে?সাবিনা: এমন একটা ঘটনা আছে। আমি টিমে আছি কি না খেলার আগে আমাদের কোচের কাছে জিজ্ঞাসা করেছিলেন মাগুরার কোচ। আমি দলে আছি শোনার পরে বলছিলেন তাহলে আর আমাদের জেতা সম্ভব না। মাগুরাকে তো ১৯ গোল দিয়েছিলেন। ব্যাপারটা নিশ্চয়ই নিষ্ঠুর মনে হয়নি আপনার কাছে?সাবিনা: সে রকম কিছু মনে হয়নি। কারণ আগেও আমরা এর চেয়ে বেশি গোল দিয়েছি অন্য দলকে। তবে বেশি গোল দেওয়ার চেয়ে দলের জয়টাই হলো বড় কথা। মাঠে নামলে আমরা সব সময় শতভাগই দেওয়ার চেষ্টা করি। গোল কতগুলো হলো সেটা পরের ব্যাপার। আমাদের উদ্দেশ্য থাকে আমাদের পারফরম্যান্সটা দর্শকদের দেখানো। ফুটবলারই কি হতে চেয়েছিলেন?সাবিনা: ছোটবেলায় আমি ক্রিকেট পছন্দ করতাম। কিন্তু আমার কোচ আকবর স্যার জেলা দলের অনুশীলনে আমার উচ্চতা, রানিং—সবকিছু দেখে আমাকে তাঁর দলের জন্য নির্বাচন করেন। এরপর ২০০৮ সালে প্রথম জাতীয় মহিলা ফুটবল খেলতে ঢাকায় আসি। ওই বছরেই জাতীয় দলের ক্যাম্পে ডাক পাই। লিগ তো নিয়মিত হয় না।সাবিনা: আমরা সারা বছর খেলা চাই। মেয়েদের ক্লাব কাপ ও করপোরেট লিগও চাই। আপনার প্রিয় খেলোয়াড় কে?সাবিনা: মেসি। অনেকেই আমাকে দেখে বলে, দেখ, মেয়েটা মেসির মতো খেলছে, রোনালদোর মতো খেলছে। কিন্তু আমি চাই, অন্য মেয়েকে দেখিয়ে লোকে যেন বলে মেয়েটা সাবিনার মতো খেলছে।