ভোট বর্জনে নীরব প্রচারণা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচন বর্জনে নীরব প্রচারণা শুরু করেছে বিএনপি। দলটির লক্ষ্য, উপনির্বাচনে ভোটার উপস্থিতি ৫০ শতাংশের নিচে নামিয়ে আনা। নির্বাচনকে অগ্রহণযোগ্য করে নৈতিক বিজয় অর্জন করা।নির্বাচন কমিশন বলছে, ভোট দানে কাউকে নিরুৎসাহিত করা অপরাধ, নির্বাচনী আইনের লঙ্ঘন। আওয়ামী লীগ বলছে, এই উপনির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে।স্থানীয় বিএনপির কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কাপাসিয়া থেকে নির্বাচিত সাবেক সাংসদ আ স ম হান্নান শাহ ভোটারদের নিরুৎসাহিত করতে কাজ করার জন্য উপজেলা বিএনপিকে নির্দেশ দিয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ইতিমধ্যে এই নির্দেশের কথা প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়ে দিয়েছেন।উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ প্রথম আলোকে বলেছেন, ভোট দিতে কাউকে বাধা দেওয়া বা নিরুৎসাহিত করা যাবে না। ভোট সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব ব্যাপার, নাগরিক দায়িত্ব। কোনো নেতার পক্ষে কেউ যদি ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন, তা হলে কর্মীকে নয়, কর্মীর নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেতাদের তাই সাবধান হওয়ার কথা বলব।’স্থানীয় বিএনপির জারি করা নির্দেশনায় বলা হয়েছে, গাজীপুর-৪ উপনির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করতে সাধারণ জনগণের অনীহার বিষয়টি সরকারের উচ্চ-পর্যায়কে অবহিত করতে উপনির্বাচনে ভোট বর্জন করা জরুরি। ভোটার উপস্থিতি যত কম হবে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি তত জোরালো হবে। এ জন্য কাপাসিয়া উপজেলায় বিএনপির যে বিপুল-সংখ্যক ভোটার আছেন, তাঁদের ভোটকেন্দ্রে না যেতে সচেতন করতে হবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের ভোটারদের এ বিষয়টি বোঝাতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, কাপাসিয়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা, সদস্য ও চিহ্নিত কর্মীদের ভোট দান থেকে বিরত থাকতে হবে। এর ব্যতিক্রম হলে উপজেলা বিএনপি এসব নেতা-কর্মী ও সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। এ বিষয়ে জানতে চাইলে হান্নান শাহ বলেন, গত নির্বাচনে এখানে ৯২ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন। বিএনপি ওই নির্বাচন নিয়ে বরাবরই প্রশ্ন তুলে আসছে। উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে সরকার বুঝবে, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে একক নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, কারচুপি না হলে ভোটার উপস্থিতি ৫০ ভাগ হবে না। বিএনপি ভোট বর্জন করতে জনগণকে বোঝাচ্ছে।বিএনপির নেতা ও উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম হোসেন, যুবদলের সদস্য আবুল কাশেম ও ঘাগটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেছেন, ভোটার উপস্থিতি কমিয়ে নির্বাচন ও সরকারের ওপর অনাস্থা জানানোর উদ্যোগ নিয়েছেন তাঁরা। রায়েদ ইউনিয়ন বিএনপির নেতা আকতারুজ্জামান বলেন, ‘আমরা জোর করছি না। তবে ভোটারদের বোঝাচ্ছি। ভোটার উপস্থিতি কম হলে বিএনপির নৈতিক বিজয় হবে।’কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, ভোট বর্জন করতে হবে। ভোটার উপস্থিতি কমাতে হবে। তবে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির ষড়যন্ত্র সফল হবে না। জনগণ আওয়ামী লীগের ওপর আস্থাশীল। এই দলটিকে তারা আবার ক্ষমতায় দেখতে চায়। বিএনপি জিতবে না বলেই নির্বাচনে আসেনি।