ভোট শান্তিপূর্ণ: রাজশাহীতে দুই প্রার্থী
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিকেল চারটার দিকে ভোটগ্রহণ শেষ হয়েছে। মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী এ এইচ এম খায়রুজ্জামান ও মোসাদ্দেক হোসেন আজ শনিবার সকালে ভোট দিয়েছেন। ভোট দেওয়া শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় উভয় প্রার্থী বলেছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু। শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীও কোনো অভিযোগ তোলেননি। এ এইচ এম খায়রুজ্জামান ১৪-দলীয় জোট-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী। মোসাদ্দেক হোসেন লড়ছেন ১৮-দলীয় জোট-সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী হিসেবে।সকাল আটটায় সিটি করপোরেশনের সব কয়টি ভোটকেন্দ্রে একযোগে ভোট নেওয়া শুরু হয়। লাইনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। সকাল পৌনে নয়টার দিকে নগরের স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন এ এইচ এম খায়রুজ্জামান। এ সময় খায়রুজ্জামানের সঙ্গে ছিলেন তাঁর মা জাহানারা বেগম ও স্ত্রী শাহিন আক্তার।এরপর আসেন মোসাদ্দেক হোসেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রেবেকা সুলতানা।ভোট দিয়ে খায়রুজ্জামান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। নির্বাচিত হলে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।’ফলাফল বিপক্ষে গেলে কী করবেন—জানতে চাইলে খায়রুজ্জামান বলেন, ‘যদি কোনো কারণে ফলাফল বিপক্ষে যায়, আগে খোঁজখবর নেব। সবকিছু ঠিক থাকলে ফল মেনে নেব। তবে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’সকালে ভোট দিয়ে মোসাদ্দেক হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এখন পর্যন্ত ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে।’ তবে তিনি অভিযোগ করেন, গতকাল রাতে তাঁদের কার্যালয়গুলো বন্ধ করে দেওয়া হলেও ১৪-দলীয় জোট-সমর্থিত প্রার্থীর কার্যালয় খোলা ছিল। তারা প্রচারণা চালিয়েছে। এ ব্যাপারে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে।রায় মেনে নেওয়ার প্রশ্নে মোসাদ্দেক হোসেন বলেন, ‘শতভাগ নিশ্চিত আমি জয়ী হব। তার পরও ভোট শেষ পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যেকোনো রায় মেনে নেব।’সকাল নয়টার পর ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা সারি দেখা যায়। পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি বেশি। ভোটারদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা দেখা গিয়েছে। স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সোহেল রানা প্রথম আলো ডটকমকে জানান, দুপুর ১২টা পর্যন্ত তাঁর কেন্দ্রে ৫০ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৫৪৬ জন। তিনি জানান, তাঁর কেন্দ্রে মেয়র পদের প্রধান দুই প্রার্থী ভোট দিয়েছেন।সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেড়েছে। শহরের সপুরা এলাকার রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু রেজা জানান, তাঁর কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৪৫১ জন। প্রথম চার ঘণ্টায় প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। সরকারি মহিলা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, তাঁর কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ২৮২ জন। দুপুর ১২টা পর্যন্ত এক হাজার ৪৫টি ভোট পড়েছে।রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবেদ আলী জানান, তাঁর কেন্দ্রে মোট ভোটার এক হাজার ২৭৯ জন। দুপুর ১২টা পর্যন্ত ৩১৯টি ভোট পড়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কাসেম জানিয়েছেন, তাঁর কেন্দ্রের মোট ভোটার সংখ্যা এক হাজার ৮৯৯। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশ।নির্বাচন অনুষ্ঠানের জন্য সিটি করপোরেশনজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। শহরের বিভিন্ন এলাকা ঘুরে শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ করা গেছে। পুরো শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য টহল দিয়েছেন। ভোটকেন্দ্রগুলোর ভেতরে ও বাইরেও কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এ ছাড়া সক্রিয় ছিলেন বিজিবি ও র্যাবের ভ্রাম্যমাণ টহল দল।রাজশাহী সিটি করপোরেশনে চতুর্থবারের মতো নির্বাচন হয়েছে। সিটি করপোরেশনে ৩০টি ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা দুই লাখ ৮৬ হাজার ৯১৭। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ৩৯৫ জন এবং নারী এক লাখ ৪৩ হাজার ৫২২ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত এ এইচ এম খায়রুজ্জামান তালা প্রতীক নিয়ে, বিএনপি-সমর্থিত মো. মোসাদ্দেক হোসেন আনারস এবং মো. হাবিবুর রহমান চশমা প্রতীক নিয়ে। সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ৬৬ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ১৫৫।