ভোট হলে হারবে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে লোকসভার সর্বশেষ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট (ইউপিএ) বিজয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো কেন্দ্রে সরকার গঠন করেছিল। প্রথমবারের মতো মনমোহন সিংয়ের দ্বিতীয় মেয়াদের প্রধানমন্ত্রিত্ব কেন যেন কখনোই স্বস্তিকর ছিল না। রাজনৈতিক সমস্যা তো আছেই, সঙ্গে জুটেছে কেন্দ্রীয় মন্ত্রীদের বিরাট আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়া, ভারতের নিম্নগামী অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিনিসপত্রের আকাশচুম্বী দাম—এ সবকিছু প্রথম থেকেই কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে চাপের মুখে রেখেছে। দ্বিতীয়বারের মতো দিল্লির মসনদে বসার পর থেকেই জনপ্রিয়তার গ্রাফ নিচের দিকে নামতে শুরু করে মনমোহন সরকারের।সম্প্রতি বিভিন্ন জনমত জরিপে ফুটে উঠেছে জনপ্রিয়তায় বর্তমান ক্ষমতাসীন দল ও জোটের করুণ অবস্থার কথা। এ মুহূর্তে ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে কেন্দ্রে যে একটা পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ কংগ্রেস জোটের দুর্বলতা ও অজনপ্রিয়তার সুযোগে এ মুহূর্তে বিভিন্ন জরিপে এগিয়ে আছে। তবে অবশ্যই তারা সরকার গঠনের কোনো পর্যায়ে নেই। ভারতে এ মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থানে আছে কংগ্রেস ও বিজেপি জোটের বাইরের তৃতীয় ফ্রন্টের দলগুলো। ভারতীয় রাজনীতিতে এরাই তৃতীয় শক্তি হিসেবে পরিচিত।সম্প্রতি ভারতের বিখ্যাত সাময়িকী ইন্ডিয়া টুডে আন্তর্জাতিক গবেষণা সংস্থা নিয়েলসনের সঙ্গে যৌথ উদ্যোগে এক নির্বাচনী জরিপ পরিচালনা করে। এই জরিপের মূল জিজ্ঞাস্য বিষয় ছিল, এ মুহূর্তে ভারতে লোকসভা নির্বাচন হলে ভোটাররা কাকে ভোট দেবেন। এই জরিপে ২০০৯ সালের সর্বশেষ সাধারণ নির্বাচনের ঠিক উল্টোচিত্রই বেরিয়ে এসেছে। যে চিত্রে কেন্দ্রের ইউপিএ সরকারের প্রতি ভারতের সাধারণ মানুষের অনাস্থাই ফুটে উঠেছে।ভারতীয় উপমহাদেশের বৈশিষ্ট্য হলো কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় গিয়ে তাদের নির্বাচনকালীন জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। কংগ্রেস জোট যে দ্বিতীয় মেয়াদের ক্ষমতার তৃতীয় বছর শেষে আগের মতো জনপ্রিয় থাকবে না, সেটা বোধগম্যই ছিল, কিন্তু জরিপের চূড়ান্ত ফলে কংগ্রেসের জনপ্রিয়তার পারদ এতটাই নিচে নেমে গেছে যে, ২০১৪ সালের শুরুর দিকে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার চেয়ে কংগ্রেস নেতৃত্বের নিজেদের পিঠ বাঁচানোই মূল ভাবনা হয়ে দাঁড়াতে পারে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ আকারের দিক দিয়ে তুলনামূলকভাবে ছোট হলেও মানুষের দৃষ্টিতে কংগ্রেসের ব্যর্থতা আগামীতে তাদের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পথ পরিষ্কার করতে শুরু করেছে। এই জরিপে অবশ্য কংগ্রেস নেতৃত্বাধীন জোট খুশি হতে পারে এই ভেবে যে, কর্ণাটকে নিজেদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত রয়েছে। কিন্তু সার্বিক জরিপের ফলে বিপর্যয়ের মাত্রা এতটাই বেশি যে কর্ণাটকের ব্যাপারটি হয়তো কংগ্রেস নেতৃত্বের মধ্যে খুব একটা আবেদন সৃষ্টি করতে পারবে না।প্রায় ছয় মাস আগে এ জরিপটি পরিচালিত হয়। জরিপের ফলে দেখা যায়, এনডিএ জোট কংগ্রেস নেতৃত্বাধীন জোটের চেয়ে এগিয়ে থাকছে ১৫-২০টি আসনে, যা কেন্দ্রে সরকার পরিবর্তনের জন্য যথেষ্ট। জরিপের ফল বলছে, ২০০৯ সালে যেখানে ২৫৯টি আসনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট জয়লাভ করেছিল, এ মুহূর্তে নির্বাচন হলে তা কমে দাঁড়াবে ১৭০-১৮১-তে। এনডিএর আসনসংখ্যা থাকছে ১৯৫-২০৫-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার (২৭২) চেয়ে অনেক কম।এই জরিপে দেখা যাচ্ছে, ভারতের যে অঞ্চলগুলো ‘অক্সিজেন সরবরাহকারী’ হিসেবে দেখা হতো, সেখানেও কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের অবস্থা শোচনীয়। উত্তরপ্রদেশে মুলায়েম সিং যাদবের বিরুদ্ধে জনমত সংগঠিত হচ্ছে। মুলায়েম সিং যাদবের মতো এত বড় মিত্রের পায়ের তলার মাটি নরম হয়ে আসাটা যে কংগ্রেসের জন্য সুখকর নয়, সেটা জানেন-বোঝেন অনেকেই। এমনকি সমাজবাদী পার্টিকে যাঁরা গত নির্বাচনে ভোট দিয়েছিলেন, তাঁরাও বিজেপির দিকে ঝুঁকছেন। ব্যাপারটি কংগ্রেসকে না ভাবিয়ে পারে না। এই জরিপে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে ইতিমধ্যেই বিজেপি কংগ্রেসের চেয়ে ১১ শতাংশ ভোট বেশি পাচ্ছে। তামিলনাড়ুতেও কংগ্রেস ও ডিএমকে-কে হতাশার মধ্যে রেখে জয়ললিতা এখন বড় ফ্যাক্টর। এম করুনানিধির রাজনীতির খেলা কখনোই কংগ্রেসের পক্ষে যে যাবে না, সেটা বলাই বাহুল্য। একমাত্র পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন কংগ্রেসের অক্সিজেন-মাস্ক। কিন্তু তিনি যেভাবে মনমোহন সরকারকে নাস্তানাবুদ করেছেন, তাতে এই ভালোবাসা কত দিন টেকসই হবে বলা কঠিন।