ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির সাবেক নেতা ফিদেল কাস্ত্রো। গতকাল রোববার রাজধানী হাভানার একটি ভোটকেন্দ্রে গিয়ে তিনি নিজের ভোটটি দেন। এ সময় কাস্ত্রো উপস্থিত ভোটার ও সাংবাদিকদের সঙ্গে এক ঘণ্টার বেশি সময় কথা বলেন। ২০১০ সালের পর এই প্রথম তিনি প্রকাশ্যে এলেন। আজ সোমবার রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।২০০৬ সালে অসুস্থ হওয়ার পর দেশটিতে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে কাস্ত্রো (৮৬) বাড়ি থেকে ভোট দেন। এর দুই বছর পর তিনি তাঁর ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা ছেড়ে দেন।রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, শুভ্র দাড়িমণ্ডিত কাস্ত্রো গতকাল শেষ বিকেলে তাঁর ভোট দেন। এ সময় তাঁর পরনে ছিল চেক শার্ট আর কালো জ্যাকেট।কাস্ত্রো কিউবার অর্থনৈতিক সংস্কারের চেষ্টা, লাতিন আমেরিকার একত্রীকরণ, প্রেসিডেন্ট হুগো চাভেজ ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন।কাস্ত্রো এ সময় উপস্থিত ভোটারদের প্রশংসা করে বলেন, ‘কিউবার জনগণ প্রকৃত বিপ্লবী, তাঁরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমাদের তা প্রমাণ করার দরকার নেই, ইতিহাসই তা বলবে। ৫০ বছরের মতো অবরুদ্ধ থেকেও তাঁরা আত্মসমর্পণ করেননি।’কিউবার জাতীয় পরিষদে ৬১২টি আসনে ও প্রাদেশিক পরিষদে সহস্রাধিক প্রতিনিধি পদে ভোট গ্রহণ চলছে। এসব পদে কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থীরাই কেবল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং অন্যান্য শীর্ষ নেতাদেরও ভোট দিতে দেখা গেছে।