ভোটকেন্দ্রের তালিকা করতে বলেছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে মেয়াদ শেষ হওয়া প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং আড়াই শতাধিক পৌরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৩০ আগস্টের মধ্যে এ দুটি নির্বাচনের জন্য সব ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বরে এ দুটি স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা।নির্বাচন কমিশনের উপসচিব সৈয়দ খুরশীদ আনোয়ার স্বাক্ষরিত চিঠিতে সব জেলা নির্বাচন কর্মকর্তাকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরও এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করতে বলা হয়েছে।চিঠিতে প্রতি ওয়ার্ডে অন্তত একটি ভোটকেন্দ্র স্থাপন করতে বলা হয়েছে। তবে ভোটারসংখ্যার অনুপাতে কেন্দ্রের সংখ্যা ঠিক করা হবে। দুই থেকে আড়াই হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র করতে হবে। আর কেন্দ্রে প্রতিটি ভোটকক্ষের জন্য গড়ে ৪০০ ভোটার যাতে ভোট দিতে পারেন, সে বিষয়টি লক্ষ রাখতে বলা হয়েছে।ইতিমধ্যে ইউপি ও পৌরসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা মুদ্রণের কাজ শেষ হয়েছে। সংসদ নির্বাচনের পর পৌরসভা ও ইউনিয়নভিত্তিক ভোটার তালিকার পৃথক মুদ্রণকাজ শেষ করা হয়।জানতে চাইলে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ডিসেম্বরের মধ্যে পৌরসভা ও ইউপি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। এ জন্য সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিচ্ছে বলে কমিশনকে অবহিত করেছে। ইতিমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখন ভোটকেন্দ্রের তালিকা করতে সারা দেশে নির্দেশনা পাঠানো হয়েছে।এদিকে কিছু ইউনিয়ন ও পৌরসভায় যন্ত্রের সাহায্যে (ইলেকট্রনিং ভোটিং মেশিন) ভোট নেওয়া হবে। এ জন্য প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে ৪০০ ভোটিং মেশিন কেনা হচ্ছে। আগামী অক্টোবরে এসব মেশিন নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছাবে বলে জানা গেছে।৩০ আগস্টের মধ্যে ভোটকেন্দ্রে তালিকা করার পর আপত্তি দেওয়ার সময় দিয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয়ে সংশ্লিষ্ট এলাকার ভোটকেন্দ্রের তালিকা টাঙিয়ে দেওয়া হবে। এগুলোর ওপর কোনো আপত্তি থাকলে তা পরবর্তী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এরপর ভোটকেন্দ্রের গেজেট হবে।প্রসঙ্গত, চার হাজার ১০৫টি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে ২০০৮ সালের জুনে। আড়াই শতাধিক পৌরসভাও মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে। ২০০৩ সালের ২৫ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত চার হাজার ২২৩টি ইউপিতে নির্বাচন হয়েছিল। বর্তমানে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা প্রায় ৬০ হাজার।