ভোটচিত্র: বিএনপির ভোটারদের কেন্দ্রে আসতে বাধা, হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের উপনির্বাচনে সকালের দিকে ভোটারদের উপস্থিতি বেশ ভালো থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি কমতে শুরু করেছে। বিশেষত, বিএনপির সমর্থক-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ভোটকেন্দ্রগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কমে যায়। কিছু কিছু ভোটকেন্দ্র দুপুরের দিকে একেবারে ভোটারশূন্য ছিল। ফরাশগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যাওয়ার পথে কানু, মুসা, লিটন, রতন ও মতলব নামের পাঁচজন হামলায় আহত হন। ভোটকেন্দ্রে যাওয়ার পথে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে বলে আহত ব্যক্তিরা দাবি করেছেন। বর্তমানে তাঁরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। দুপুর ১২টার দিকে ওই কেন্দ্রে গিয়ে এই প্রতিবেদকেরা দেখতে পান, কেন্দ্রটি ভোটারশূন্য। বিভিন্নভাবে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সেলিম আহমেদ জানান, এখানকার ভোটার সংখ্যা চার হাজার। দুপুর ১২টা পর্যন্ত এখানে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। তবে পর্যবেক্ষকেরা এত পরিমাণ ভোট পড়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। এ ছাড়া দক্ষিণ সাতানি এলাকার গ্রামে গিয়ে অভিযোগ পাওয়া গেছে যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দিয়েছে। ঢলি গৌরনগরের বেদুরিয়া শেরাজিয়া সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্রটি দুপুর ১২টার সময় ভোটারশূন্য ছিল।বদরপুর ইউনিয়নের আটটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, বিএনপির কোনো এজেন্ট নেই। আওয়ামী লীগ-সমর্থিতরা তাদের বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া লালমোহন মহিলা কলেজ ভোটকেন্দ্রে বিএনপির এজেন্ট লোকমানসহ তিনজনকে বের করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।তবে আওয়ামী লীগ-অধ্যুষিত এলাকাগুলোর ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ভালোই ছিল।