সিলেট নগরের বুক চিরে প্রবহমান সুরমা নদী। বিগত চারদলীয় জোট সরকারের আমলে নদীর কিনব্রিজের উত্তর তীর সংরক্ষণ করে সৌন্দর্যবর্ধন করে নগরবাসীর প্রশংসা পেয়েছিল সিটি করপোরেশন। কিন্তু পরবর্তীকালে তা সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি।বর্তমান সরকারের আমলেও একই ধরনের কাজ শুরু হয়েছে। কিন্তু কাজ এখনো শেষ হয়নি। এর মধ্যে বর্ষা এসে পড়ায় অসমাপ্ত অংশে ঝুঁকিতে পড়েছে সুরমাতীর।এই অবস্থায় সিটি করপোরেশন নির্বাচনে ‘সুরমাতীরের সৌর্ন্দযবর্ধন’ কার্যক্রমকে অন্যতম ইস্যু হিসেবে কাজে লাগাতে চাইছেন প্রধান দুই মেয়র পদপ্রার্থী। বিএনপি-সমর্থিত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর দাবি, চারদলীয় জোট সরকারের সময় কাজ হয়েছিল তাঁর অধীনেই। কিন্তু আগের সরকারের কাজ হওয়ায় পরের মহাজোট সরকারের সময় সিটি করপোরেশন তা রক্ষণাবেক্ষণে নজর দেয়নি বলে অভিযোগ করেন তিনি।আর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সদ্য বিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের দাবি, সিলেট শহরকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সুরমা তীর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনসহ ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে।২০০৬ সালের কাজ: সুরমা নদীর কিনব্রিজ এলাকার উত্তর ও দক্ষিণ সুরমা অংশের প্রায় দুই কিলোমিটার এলাকাসহ নগরের বিভিন্ন স্থানে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ‘সৌন্দর্যবর্ধন’ প্রকল্প বাস্তবায়িত হয়েছিল ২০০৬ সালে। নদীতীরে শানবাঁধানো ঘাট ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন, নদীতীরে ব্লক ফেলে ঢালাই, ফোয়ারা নির্মাণ এবং বৃক্ষ রোপণ করা হয়েছিল। কিন্তু সেই উন্নয়নকাজ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ হয়নি।সরেজমিনে দেখা গেছে, নদীতীরে স্থাপিত ১৫৭টি সড়কবাতির মধ্যে মাত্র গুটি কয়েক বাতি এখন জ্বলে। অপর বাতিগুলো দীর্ঘদিন ধরে বিকল হয়ে থাকায় সন্ধ্যার পর পুরো এলাকা ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত থাকে।সিলেটের নাগরিক সংগঠন ‘নাগরিক মৈত্রী’র আহ্বায়ক সমরবিজয় সী শেখর বলেন, ঐতিহ্যবাহী কিনব্রিজ, আলী আমজরে ঘড়ি ও সুরমায় চাঁদনীঘাটের সিঁড়ি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। কিন্তু এলাকার উন্নয়নকাজগুলো রক্ষণাবেক্ষণে সিটি করপোরেশনের তেমন কোনো নজর নেই।তবে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, লোকবল সংকটের কারণে সৌন্দর্যবর্ধন প্রকল্পগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না।বর্তমান সরকারের উদ্যোগ: বিগত সরকার আমলের সৌন্দর্যবর্ধন কাজ নগরবাসীর কাছে সমাদৃত হওয়ায় বর্তমান সরকার আমলে সিটি করপোরেশন কর্তৃপক্ষ একই আদলে ‘বিউটিফিকেশন ও নদীতীর সংরক্ষণ’ প্রকল্প শুরু করে। সাত কোটি টাকার এই প্রকল্পের আওতায় কিনব্রিজের দক্ষিণ দিক থেকে সুরমা তীরের তোপখানা, ঝালোপাড়া ও মাছিমপুর এলাকায় পাইলিংয়ের মাধ্যমে ঢালাই করে নদীতীর সংরক্ষণের পাশাপাশি নগরবাসীর হাঁটার জন্য রাস্তা নির্মাণ এবং তীরের সার্বিক সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। প্রকল্পের কাজ শুরু হয় গত ফেব্রুয়ারি মাসে। শেষ হওয়ার কথা ছিল আগামী জুন মাসে। এ কাজ শেষে পৃথক আরেকটি প্রকল্প গ্রহণ করে সেখানে গাছ রোপণ ও সড়কবাতি স্থাপনের পরিকল্পনা রয়েছে। কিন্তু কাজ শুরুর পরপরই সুরমা নদীতে পানি বেড়ে যাওয়ায় প্রকল্প বাস্তবায়নের মেয়াদ বাড়িয়ে কাজ স্থগিত করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, নদীতীর খুঁড়ে প্রাচীর নির্মাণকাজ প্রায় অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখায় মাছিমপুর থেকে শুরু করে ঝালোপাড়া পর্যন্ত সুরমা তীরের প্রায় দুই কিলোমিটার রাস্তা ভাঙনের মুখে পড়েছে। এলাকার বাসিন্দাদের আশঙ্কা, কাজ এই অবস্থায় ফেলানো থাকলে আসন্ন বর্ষায় অন্তত এক কিলোমিটার রাস্তাসহ শতাধিক বসতবাড়ি সুরমায় বিলীন হয়ে যেতে পারে।সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আজিজুর রহমান বলেন, পাইলিংয়ের কাজ প্রায় শেষ হয়েছে। তবে কিছুদিন আগে নদীতে পানি চলে আসায় কাজ আপাতত বন্ধ রয়েছে। বর্ষা মৌসুম হওয়া সত্ত্বেও সুযোগ পেলেই কাজ চলবে। নদীতীর ভাঙনের আশঙ্কা সম্পর্কে তিনি বলেন, ‘এ বিষয়ে সিটি করপোরেশন নজর রাখবে।’দুই প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য: আরিফুল হকের নির্বাচনী প্রচারণায় ফলাওভাবে তুলে ধরা হচ্ছে বিগত সরকারের আমলের সৌন্দর্যবর্ধন কাজের কথা। তিনি ওই সময় সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ছিলেন সিটি করপোরেশনের ‘নগর উন্নয়ন কমিটি’র চেয়ারম্যানও। তখনো মেয়র ছিলেন বদরউদ্দিন আহমদ।আরিফুল হক প্রথম আলোকে বলেন, ‘কিনব্রিজের নিচে ছিল অন্ধকার পল্লি। সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় সেই চিত্র আমূল বদলে যাওয়ায় নগরবাসী তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু কাজটি আমার অধীনে হওয়ায় সদ্যবিদায়ী মেয়র (বদরউদ্দিন) তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করেননি। নদীতীরের ফোয়ারা বন্ধ করে দেওয়া হয়েছে। সব লাইট বিকল হয়ে গেছে। সারি সারি গাছও মরে উধাও।’তবে বদরউদ্দিন আহমদ বলেন, ‘নগরের যেসব উন্নয়ন তিনি (আরিফুল হক) করেছিলেন বলে এখন ভোটের সময় দাবি করছেন, তা ছিল লোক দেখানো। তখন লুটপাটও হয়েছে। প্রকল্প বাস্তবায়নের পর রক্ষণাবেক্ষণের কোনো নির্দেশনাও ছিল না। ফলে সিটি করপোরেশনের তত্ত্বাবধান করার দায়িত্ব থাকার কথা নয়।’নিজের কাজ সম্পর্কে বদরউদ্দিন বলেন, ‘বর্তমান সরকারের আমলে নগরে ১১০ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার প্রকল্প, ছয়তলাবিশিষ্ট বিনোদিনী হাসপাতাল প্রতিষ্ঠা, সুদৃশ্য নগর ভবন নির্মাণ, নদীতীরের সৌন্দযবর্ধন প্রকল্পসহ নানামুখী উন্নয়নকাজ হয়েছে।’