ভোটাধিকার পেলেন সৌদি নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের নারীরা দেশটির স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থীও হতে পারবেন। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ গতকাল রোববার রাজধানী রিয়াদে দেশটির পরামর্শমূলক পরিষদে (শুরা কাউন্সিল) দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। বাদশাহ আবদুল্লাহ বলেন, ভবিষ্যতে শুরা কাউন্সিলে নারীরা যোগ দিতে ও নিয়োগ লাভের পূর্ণ অধিকার ভোগ করবেন। আগামী পৌর নির্বাচনে তাঁরা ভোট দিতে এবং প্রার্থী হতে পারবেন।বাদশাহ আরও বলেন, ‘আমরা নারীদের সমাজের সর্বস্তরে সক্রিয় অংশগ্রহণ থেকে বিরত রাখার বিরুদ্ধে। দেশের জ্যেষ্ঠ ওলামাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আমরা শুরা কাউন্সিলে নারীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, পৌর নির্বাচনে নারীদের অংশগ্রহণের অধিকার রয়েছে। শরিয়া আইন অনুসারেও ভোটদানের অধিকার রয়েছে নারীদের।বাদশাহর এ ঘোষণার মধ্য দিয়ে সৌদি আরবে নারীরা ২০১৫ সালে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে ভোট দিতে পারবেন না। সৌদি আরবের ইতিহাসে এটি দ্বিতীয় পৌর নির্বাচন। এতে পাঁচ শতাধিক পুরুষ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশটির ২৮৫টি পৌর এলাকায় এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে নির্বাচন হবে অর্ধেক আসনে। বাকি অর্ধেক আসনের সদস্যদের সরকার নিয়োগ দিয়ে থাকে। দেশটিতে প্রথম পৌর নির্বাচন হয় ২০০৫ সালে। চার বছর মেয়াদি পৌর পরিষদের পরবর্তী নির্বাচন ২০০৯ সালে হওয়ার কথা থাকলেও সরকার তা দুই বছর পিছিয়ে দেয়। নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার সৌদি নারীকর্মীরা দীর্ঘদিন থেকে দেশটিতে নারীর ভোটাধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। সৌদি আরবে একমাত্র পৌর নির্বাচনেই ভোট হয়ে থাকে। এএফপি ও এপি।