ভোটাভুটি শেষ, এখন ফলাফলের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন এক উত্সব। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়াসহ সারা দেশে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে সুন্দরবনকে ভোট দেওয়া হয়েছে উত্সবের আবহ নিয়েই।বেশির ভাগ টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও অনলাইন শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের আহ্বান জানিয়েছে। সুন্দরবনের আনুষ্ঠানিক সমর্থক সংস্থা বাংলাদেশ পর্যটন করপোরেশন সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে সারা দিনই রাজধানীর বিভিন্ন স্থানে পথসভা করে ভোট সংগ্রহ করেছে।বিকেল ঠিক পাঁচটা ১১ মিনিট পর্যন্ত ইন্টারনেট, মুঠোফোনে খুদেবার্তা (এসএমএস) ও টেলিফোনের মাধ্যমে ভোট দেওয়া গেছে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন আয়োজিত বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে। নির্ধারিত সময়ের পরপরই আয়োজকদের ওয়েবসাইটে (www.new7wonders.com) ঘোষণা দেওয়া হয়েছে, ভোট-প্রক্রিয়া সম্পন্ন। চলছে ভোট গণনা।আয়োজকদের ওয়েবসাইটেই বাংলাদেশ সময় গত রাত একটা সাত মিনিটে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের প্রাথমিক ফলাফল অর্থাত্ শীর্ষ সাতটি স্থানের নামের তালিকা প্রকাশ করার কথা। আনুষ্ঠানিক ওয়েবসাইট, ফেসবুক, টেলিফোন, স্থানীয় এসএমএস, আন্তর্জাতিক এসএমএস এবং ওয়েবসাইট থেকে কিনে নেওয়া পার্সোনালাইজড ভোট সার্টিফিকেট—এ ছয় উপায়ে পাওয়া ভোট গণনা করে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের প্রাথমিক তালিকা প্রকাশ করার কথা।প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ২৮টি স্থানের কোনটি কত ভোট পাচ্ছে সে ব্যাপারে আগে কোনো ধারণা দেওয়া হয়নি। তবে ইন্টারনেটের মাধ্যমে ভোট পাওয়ার নানা রকম ধারা প্রকাশ করা হতো। আজ শেষ মুহূর্তে দেখা গেছে, ইন্টারনেটে ভোট বৃদ্ধির হারে এগিয়ে ছিল ১৩টি স্থান। এর মধ্যে সুন্দরবনও ছিল।