ভোটার আইডি কার্ড প্রকল্প আলাদা অনুবিভাগ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করতে এর সাংগঠনিক কাঠামো সংস্কার ও কমিশন সচিবালয়ে ৩৮টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। ভোটার আইডি কার্ড প্রকল্পের কার্যক্রম চলমান রাখতে একে একটি অনুবিভাগে রূপান্তর করা হয়েছে।এ ছাড়া তিনটি বৃহত্তর জেলা ও সাতটি বিভাগে ১০টি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় স্থাপন করা হবে। এসব কাজের জন্য মোট ৩০৪টি (ইসি সচিবালয়ের ৩৮টিসহ) নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে এখন আর নির্বাচন কমিশনকে তার কাজের জন্য অন্যান্য ক্যাডার থেকে জনবল নিতে হবে না। নিজস্ব জনবল দিয়েই ইসি নির্বাচন পরিচালনার সব কাজ চালাতে পারবে।গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সুশাসনসম্পর্কিত সচিব কমিটির সভায় নির্বাচন কমিশনের এসব প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ, আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সহিদুল করিম, নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাদিক, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিধি) ফিরোজ আহমেদ সভায় উপস্থিত ছিলেন। এর আগে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় প্রস্তাবে অনুমোদন দেয়। এখন বিধি অনুযায়ী নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব প্রথম আলোকে বলেন, সচিব কমিটি প্রস্তাব অনুমোদন করায় নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো সহজতর হবে। কাজের গতি বাড়বে। জনবলের ক্ষেত্রে পরনির্ভরশীলতা কমবে। এতে কমিশন অনেক কিছুই স্বাধীনভাবে করতে পারবে। সচিব কমিটির সূত্র জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য একজন মুখ্য নির্বাচন কর্মকর্তা ও একটি অতিরিক্ত সচিবের পদ নতুন করে সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া নির্বাচন কর্মকর্তা ও শাখা কর্মকর্তাসহ মোট ৩৮টি নতুন পদ অনুমোদন করা হয়েছে। এ নিয়ে কমিশন সচিবালয়ে মোট পদের সংখ্যা হলো ৬৮টি। ভোটার আইডি কার্ডের কার্যক্রম পরিচালনার জন্য একটি অনুবিভাগের অনুমোদন দিয়েছে সচিব কমিটি। একজন মহাপরিচালক এই অনুবিভাগের প্রধান থাকবেন। এ বিভাগের জন্য মোট ৭১টি কর্মকর্তা-কর্মচারীর পদের অনুমোদন দেওয়া হয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তিগত প্রশিক্ষণ কার্যক্রমকে শক্তিশালী করতে নির্বাচন কমিশন ইনস্টিটিউটের জন্য আরও ২৭টি পদ অনুমোদন করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে স্বয়ংসম্পূর্ণ করতে এর জন্য একজন মহাপরিচালক নিয়োগের বিধান রাখা হয়েছে। আগে এটি সরাসরি কমিশনের অধীনে ছিল। ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা জেলা এবং সাতটি বিভাগে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আদলে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হবে। এর প্রধান থাকবেন আঞ্চলিক প্রধান নির্বাচন কর্মকর্তা। আঞ্চলিক কার্যালয়ের জন্য প্রয়োজনীয় জনবল ওই কার্যালয়ের অধীনেই থাকবে। সাবেক ১৯টি জেলার নির্বাচন কর্মকর্তার পদবিতে সংশোধনী এনে করা হয়েছে ‘জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা’। বাকি জেলাগুলোর কর্মকর্তাদের পদবি হবে জেলা নির্বাচন কর্মকর্তা। জেলা ও উপজেলার নির্বাচন কার্যালয়ের জনবলও বাড়ানো হয়েছে।