ভোটার উপস্থিতি কম হওয়ার যত কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা ‘ফাঁকা মাঠে’ গতকাল রোববার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচন। ভোটারদের উপস্থিতি ছিল কম, নির্বাচন নিয়ে মানুষের উত্সাহ-উদ্দীপনাও সেই অর্থে ছিল না। ভোটকেন্দ্রের সামনে জটলা দূরের কথা, বুথের সামনে স্বাভাবিক লাইনও ছিল না। গত সংসদ নির্বাচনে এই আসনে ৯২ শতাংশ ভোট পড়েছিল। এবার পড়েছে অর্ধেকের কম ভোট, শতকরা ৪৩ দশমিক ২৩ ভাগ। প্রধান বিরোধী দল বিএনপির নির্বাচনে না আসাটা অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন সাধারণ ভোটারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও পেশাজীবীরা। জানতে চাইলে আওয়ামী লীগের এই উপনির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, এটা সরকারের একেবারে শেষ মুহূর্তের নির্বাচন। একটি বড় দল এতে অংশ নেয়নি। তারপর বৃষ্টি ছিল। আবার কাপাসিয়ার বহু লোক এলাকার বাইরে কাজ করেন। তাঁরা সবাই হয়তো আসতে পারেননি। এ রকম নানা কারণে উপস্থিতি কিছু কম হতে পারে। তিনি বলেন, ভয়ভীতির কারণে যে মানুষ কম এসেছে, এমনটি নয়। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে, এটাই বড় কথা।তবে বিএনপির নেতারা দাবি করেন, মানুষ এই সরকারের অধীন একদলীয় নির্বাচন বর্জন করেছে। কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, এই সরকারের অধীন কোনো একদলীয় নির্বাচনের চেষ্টা সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। গাজীপুর উপনির্বাচনে জনগণ তা প্রমাণ করে দিয়েছে। তাঁর দাবি, এটা বিএনপির জয়। কারণ, বিএনপি আগে থেকেই বলে আসছে, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন দেশবাসী মানবে না।অবশ্য ভোটের দিন বিভিন্ন কেন্দ্রের আশপাশের বাড়ি ও গ্রামের চায়ের দোকানে আড্ডা দেওয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান বিরোধী দল এই উপনির্বাচন বর্জন করায় মানুষ ধরেই নিয়েছে ফলাফল কি হবে। তার পরও প্রধান দুই প্রার্থী সম্পর্কে আপন চাচা-ভাতিজি হওয়ায় মানুষ এটাকে আরও হালকাভাবে নিয়েছে। খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পেছনের বাড়ির অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচনে তো হ্যারা হ্যারাই (নিজেরা নিজেরাই), আবার ভাঙা নির্বাচন। হেরলাইগা মানুষ গুরুত্ব দেয় নাই।’কেউ কেউ এমনও বলেছেন, নির্বাচন উপলক্ষে কাপাসিয়া উপজেলায় সরকারি ছুটি দেওয়া হলেও এখানকার অনেক ভোটার ঢাকা ও টঙ্গীর বিভিন্ন এলাকায় চাকরি করেন। তাঁরা ছুটি পাননি। ভোট কম পড়ার এটাও একটা কারণ। তবে এটাকে খুব বড় কারণ মানতে নারাজ সূর্য নায়ারণপুরের মাসুদ। তিনি বলেন, এখানকার মানুষের বড় অংশ কৃষিজীবী। আর যারা বাইরে চাকরি করেন, তাঁদের ভোট নিয়ে তাগাদা বা আগ্রহ নেই। থাকলে ঠিকই ছুটি নিয়ে আসত। মাসুদ নিজেও ভোট দেননি। কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোট দিলেও রিমি আপা জিতবে, না দিলেও। তাই কেন্দ্রে যাই নাই।’এলাকাবাসী বলছেন, দুপুর ১২টা থেকে প্রায় দেড়টা পর্যন্ত বৃষ্টিও ভোটার উপস্থিতি কিছু কমিয়ে দিয়েছে। বরুন গ্রামের পল্লি চিকিত্সক আরমান মিয়া বলেন, নারীরা রান্নাবান্না শেষ করে দুপুরের পর হয়তো ভোট দিতে আসতেন। কিন্তু এমন সময় বৃষ্টি নামায় তাঁরা আর আসেননি।তবে দুইটার পর বৃষ্টি বন্ধ হলেও তাতে যে ভোটার উপস্থিতি খুব একটা বেড়েছে, তা নয়। তবে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির বিপরীতে স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন অভিযোগ করেন, ভোটের আগের রাতে তাঁর সমর্থকদের ভয়ভীতি দেখানো হয়েছে। তাই লোকজন কম হয়েছে। একই অভিযোগ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আসাদুল্লাহ বাদলও। অবশ্য রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, ‘ভোটার উপস্থিতি কম। কিন্তু আমাদের ব্যবস্থাপনার ত্রুটি নেই। আমরা চেষ্টা করেছি, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে। তবে এর চেয়েও কম ভোটার উপস্থিতিতে উপনির্বাচন হয়েছে, এমন নজির দেশে আছে।’