ভোটার তালিকা ১০ দিনের মধ্যে হালনাগাদ করতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটার তালিকা আইন অনুসারে ১০ দিনের মধ্যে হালনাগাদ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০ জুনের মধ্যে ভোট গ্রহণ করতে বলা হয়েছে। আজ রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুলের নিষ্পত্তি করে এই রায় দেন।আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহামান। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী এবং এ জে মোহাম্মদ আলী। তাঁদের সহায়তা করেন আইনজীবী নাজনীন নাহার।আগের তফসিল অনুসারে আগামী ২৮ মে এই নির্বাচন হওয়ার কথা ছিল।ভোটার তালিকা ত্রুটিপূর্ণ এমন অভিযোগে মোহাম্মদ সালেহউদ্দিনসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবী একটি রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৬ এপ্রিল বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনী কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত ও রুল জারি করেন হাইকোর্ট।হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে বার কাউন্সিল কর্তৃপক্ষ। চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চ শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগ চেম্বার বিচারপতির স্থগিতাদেশ প্রত্যাহার করে বিষয়টি ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন।জ্যেষ্ঠ আইনজীবী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আদালত ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করে ২০ জুনের মধ্যে নির্বাচন করতে বলেছেন। বার কাউন্সিলের চেয়ারম্যানের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী নাজনীন নাহার বলেন, আদালত আইন অনুসারে ১০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করতে বলেছেন। নির্বাচনের জন্য সময় বাড়িয়ে দিয়েছেন।